সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ উদ্দিনসহ দুজন উপপরিদর্শককে (এসআই) থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় পাথর ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার ওই তিনজনকে প্রত্যাহার করা হয়।
পুলিশ সূত্র জানায়, সংঘর্ষে অবৈধ অস্ত্রের ব্যাপক ব্যবহার করার বিষয়টি পুলিশ আগে থেকেই অবহিত না হওয়া এবং সংঘর্ষের পর অস্ত্রধারীদের গ্রেপ্তারে পুলিশের ব্যর্থতার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খতিয়ে দেখেছে। এ পরিপ্রেক্ষিতে গতকাল ওসি সালেহ উদ্দিন ও ওই এলাকায় কর্তব্যরত এসআই রাকিব মোহাম্মদ ও আবুল কাশেমকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় যোগাযোগ করলে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম খান কোম্পানীগঞ্জ থানার ওসি ও দুজন এসআইকে প্রত্যাহার করার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।
দুটি মামলা: সংঘর্ষের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী ওরফে কালা মিয়াকে প্রধান আসামি করে দুটি মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজনকে গতকাল আটক করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গত সোমবার সন্ধ্যায় সংঘর্ষ হয়। এক দিন পর মঙ্গলবার সন্ধ্যায় দুটি মামলা করা হয়। নিহত রুহুল আমিনের ভাই নূর আহমদ বাদী হয়ে একটি এবং নিহত হরমুজ আলীর পক্ষে তাঁর চাচাতো ভাই আবদুল আলী বাদী হয়ে আরেকটি মামলা করেন। দুই মামলার এজাহারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলীকে প্রধান আসামিসহ ৫৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ জনকে আসামি করা হয়।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক আপ্তাব আলীর পক্ষের কোম্পানীগঞ্জ গ্রামের রজাক আলী (৭০), আনা মিয়া (৩০) ও খছা মিয়াকে (৩২) ওই দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল আরও দুজনকে আটক করা হয়েছে বলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ উদ্দিন জানান।
পাথর ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে গত সোমবার সন্ধ্যায় আপ্তাব আলীর লোকজনের সঙ্গে আওয়ামী লীগ-সমর্থক পাথর ব্যবসায়ী আবদুল আলীর লোকজনের সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ২৫ জন আহত হন। ঘটনার পর থেকে আপ্তাব আলী ও আবদুল আলী আত্মগোপনে রয়েছেন।