খুলনা সদর থানায় ছাত্রদলের কর্মী দুই কলেজছাত্রের ওপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে গতকাল শনিবার নগরের বিএল বিশ্ববিদ্যালয় কলেজের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।সমাবেশ থেকে অবিলম্বে খুলনা সদর থানার সদ্য প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামানকে চাকরিচ্যুত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানানো হয়। নইলে খুলনার কলেজগুলোতে অনির্দিষ্টকালের ধর্মঘটসহ কঠোর আন্দোলনের হুমকি দেন বক্তারা।২২ এপ্রিল বিএনপির ডাকা হরতাল চলাকালে বিএল কলেজের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র এস এম মাহমুদুল হক ওরফে টিটোকে আটক করে সদর থানার দ্বিতীয় তলার ফ্যানের সঙ্গে ঝুলিয়ে লাঠি দিয়ে পেটান ওসি কামরুজ্জামান এবং সরকারি আযম খান কমার্স কলেজের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ফেরদাউসুর রহমান ওরফে মুন্নার চোখ বেঁধে দাঁড় করিয়ে রাখেন। নির্যাতনের সচিত্র খবর পরদিন প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। নির্যাতনের অভিযোগে ওসি কামরুজ্জামানসহ পুলিশের চার সদস্যকে প্রত্যাহার করে খুলনা মহানগর পুলিশ (কেএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়। ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের বিশেষ শাখার উপকমিশনার হায়দার আলীকে।পুলিশের ওই নির্যাতনের প্রতিবাদে গতকাল সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ হয়। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএল কলেজের অধ্যক্ষ তারিকুল ইসলাম, বিএনপির নেতা মোশাররফ হোসেন, সিরাজুল হক, দৌলতপুর পাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেনসহ বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধি, শিক্ষকমণ্ডলী ও স্থানীয় ব্যবসায়ী নেতারা।বক্তারা বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী পুলিশ জনগণের বন্ধু থেকে এখন সরকারি দলের নিজস্ব বাহিনীতে পরিণত হয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত না করে কয়েকজন তোষামোদি পুলিশ কর্মকর্তা এখন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপরও চড়াও হচ্ছেন।