ওসি-চেয়ারম্যানকে মারলেন পুলিশ সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল হক ও উপজেলার ধরমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাহাবুল আলমকে কিল-ঘুষি মেরেছেন ওই থানারই এক পুলিশ সদস্য।গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ভেড়ামারা থানার ভেতরে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ সদস্য ইমাম হোসেনকে আটক করে থানার ভেতর একটি আমগাছের সঙ্গে বেঁধে রাখা হয়। বেলা আড়াইটার দিকে তাঁকে কুষ্টিয়া পুলিশলাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে ওই ইউপির চেয়ারম্যান সাহাবুল আলম ও সদস্য সোহাগ আলী একটি কাজে থানায় যান। ওসির সঙ্গে দেখা করার পর তাঁরা বের হলে ইমাম হোসেনের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে ইমাম হোসেন তাঁদের কিল-ঘুষি মারেন এবং তাঁর কাছে থাকা রাইফেল দিয়ে গুলি করতে উদ্যত হন। এ সময় ওসি রিয়াজুল হক ছুটে এসে রাইফেল ধরতে গেলে তাঁকেও কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দেন ইমাম হোসেন। পরে অন্য পুলিশ ও আনসার সদস্যরা ছুটে এসে ইমাম হোসেনকে আটক করে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন।কুষ্টিয়ার ভেড়ামারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সি এ হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইমাম হোসেন তাঁর পারিবারিক বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন। হঠাৎ করে ঘটনাটি ঘটে গেছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।