ফেনীর সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের প্রতিবাদে যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল শুক্রবার বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। এ সময় উপজেলা সদরে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফেনীর সোনাগাজী মডেল থানার ওসি হারুন অর রশিদকে ফেনী পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ওসি হুমায়ুন কবীরকে সেখানে বদলি করা হয়। তিনি গত বৃহস্পতিবার রাতে সোনাগাজী মডেল থানায় যোগ দেন। গতকাল সকালে বিষয়টি জানাজানি হয়। এরপর যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা ওসি হারুন অর রশিদকে সোনাগাজীতে পুনর্বহালের দাবিতে দুপুর ১২টার দিকে উপজেলা সদরের জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল করেন। উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক ওরফে হিরণ এতে নেতৃত্ব দেন। পরে উপজেলা সদরের জিরো পয়েন্টে প্রতিবাদ সভা হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ছায়েদুল হক ও সাধারণ সম্পাদক আবদুল মোতালেব চৌধুরী ওরফে রবিন। প্রতিবাদ সভা ও বিক্ষোভ চলাকালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ফেনী-সোনাগাজী সড়কের মতিগঞ্জ ও বক্তারমুন্সির ডাকবাংলা নামক স্থানে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করা হয়। এতে ফেনী-সোনাগাজী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর পুলিশ অবরোধ তুলে দিলে যানবাহন চলাচল শুরু হয়।
উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক বলেন, বৃহস্পতিবার রাতে নবনিযুক্ত ওসি হুমায়ুন কবীর সোনাগাজী এসেই চেয়ারে বসে যান। আগের ওসিকে বিদায় এবং নতুন ওসিকে বরণের সুযোগ হয়নি। বিষয়টি অনেকেই মেনে নিতে পারেননি। তাই তাঁরা বিক্ষোভ করেছেন।
সোনাগাজী থানার ওসি হুমায়ুন কবীর বিক্ষোভ ও সড়ক অবরোধের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।