সিলেটের জৈন্তাপুর থানাহাজতে নজরুল ইসলাম বাবু (৩২) নামের এক আসামির মৃত্যুর জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দায়ী করেছেন মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড নেতারা। গতকাল শনিবার বিকেলে সংগঠনটি জৈন্তাপুর থানার সামনে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তাঁরা ওসি সফিউল কবীরকে দ্রুত প্রত্যাহার ও জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
নজরুল ইসলাম জৈন্তাপুর উপজেলার কহাইগড় গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা আবদুল জলিলের ছেলে। তিনি উপজেলা প্রশাসনে চতুর্থ শ্রেণির কর্মচারী পদে চাকরি করতেন। গত বৃহস্পতিবার রাত প্রায় তিনটার দিকে বটেশ্বর এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে নারী নির্যাতন মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার ভোরে হাজতে মৃত অবস্থায় পাওয়া যায় নজরুলকে। পুলিশ ঘটনাটি আত্মহত্যা বলে জানালেও নজরুলের পরিবারের দাবি, নির্যাতনের কারণে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।নজরুলের পরিবার সূত্র জানায়, গত বছরের ১৬ নভেম্বর এক স্কুল শিক্ষিকাকে বিয়ে করেন নজরুল। বিয়ের দুই মাস পর থেকে স্কুলশিক্ষিকা বাবার বাড়িতে থাকতে শুরু করেন। এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য ছিল। সম্প্রতি তাঁর স্ত্রী জৈন্তাপুর থানায় নির্যাতনের অভিযোগে মামলা করেন।
গতকাল বিকেল তিনটার দিকে মহাসড়ক অবরোধ করে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জৈন্তাপুর উপজেলা শাখা বিক্ষোভ সমাবেশ করে। সংগঠনের সভাপতি আলতাফ হোসেন বলেন, নজরুল সরকারি কর্মচারী ছিলেন। তাঁর বিরুদ্ধে মামলা হলেও সরকারি দপ্তরের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নিতে পারত পুলিশ। কিন্তু তা না করে রাতের বেলা গ্রেপ্তার করে পুলিশই তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।
জৈন্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার জাহিদ বলেন, ময়নাতদন্তে চিকিৎসকেরা গলায় ফাঁস লাগানোর জখম ছাড়া শরীরের অন্য কোনো স্থানে কোনো আঘাতের চিহ্ন পাননি।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা (গণমাধ্যম) বলেন, ভিডিও ফুটেজে দেখা গেছে থানাহাজতে থাকা নজরুল আত্মহত্যা করেছেন। এ ঘটনায় পুলিশের গাফিলতির বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।