ওসি প্রদীপ ও তাঁর স্ত্রীর দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা শেষ
কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাশ ও তাঁর স্ত্রী চুমকি কারনের বিরুদ্ধে করা দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করা শেষ হয়েছে। আজ রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদের আদালতে এ জেরা হয়।
দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, আসামি প্রদীপ ও তাঁর স্ত্রীর আইনজীবী এই মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিনকে জেরা করেছেন। রোববার এটি শেষ হয়েছে। আগামী ৬ জুন আসামিদের ৩৪২ ধারায় পরীক্ষার জন্য দিন ধার্য রেখেছেন আদালত।
এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রোববার সকালে প্রদীপ ও চুমকি কারনেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে কারাগারে নিয়ে যাওয়া হয় তাঁদের।
২০২০ সালের ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় প্রদীপসহ দুজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। গত ৩১ জানুয়ারি এই রায় দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত।
দুদক সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৩ আগস্ট দুদকের চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে প্রদীপ ও তাঁর স্ত্রী চুমকি কারনের বিরুদ্ধে মামলা করেন। গত বছরের ২৬ জুলাই দুর্নীতির মাধ্যমে সম্পত্তি অর্জনের মামলায় প্রদীপ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আদালতে দুদক অভিযোগপত্র দেয়। এতে বলা হয়, চুমকি নিজেকে মৎস্য ব্যবসায়ী বলে আয়কর নথিতে উল্লেখ করলেও তার সমর্থনে প্রমাণ দিতে পারেননি। একই বছরের ১৫ ডিসেম্বর আদালতে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। মামলায় মোট ২৪ জনের সাক্ষ্য গ্রহণ হয়।