ওসি বললেন, ‘আমার বিরুদ্ধে লেখেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তার পাশে বসে পুলিশের কয়েকজন সদস্য গল্পগুজব করছেন। কয়েক গজ দূরেই রাস্তার ওপর লাঠি হাতে দাঁড়িয়ে লুঙ্গি পরা তিন ব্যক্তি। যখনই বাস, ট্রাক, নসিমন-করিমনসহ কোনো যানবাহন আসছে, তখনই পুলিশের ‘কর্তব্যরত’ সদস্যরা তাঁদের চোখ টিপে ইশারা দিচ্ছেন। এর পরই ওই তিন ব্যক্তি গাড়ি থামিয়ে চালকের কাছ থেকে টাকা তুলছেন। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল মঙ্গলবার এ দৃশ্য দেখা গেছে।খোঁজ নিয়ে জানা গেছে, ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশ বেপরোয়াভাবে চাঁদাবাজি শুরু করেছে। তবে পুলিশের সদস্যরা নিজেরা চাঁদার টাকা তুলছেন না। টাকা তোলার জন্য তাঁরা দালাল নিয়োগ করেছেন। আর এসব টাকা তোলা হচ্ছে পরিবহন শ্রমিক ইউনিয়নের নামে। কয়েক দিন ধরে এ চাঁদাবাজি চললেও এ ব্যাপারে জেলা পুলিশও নির্বিকার। গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এ প্রতিবেদককে বলেছেন, ‘আমি চাঁদাবাজি করি। পারলে আমার বিরুদ্ধে লেখেন।’গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত মহাসড়ক ঘুরে দেখা গেছে, গোড়াই-সখীপুর সড়কের মাথায় সেলিম মিয়া (৪০), দেলোয়ার হোসেন (৩৮) ও জুম্মত আলী (৪২) নামের তিন ব্যক্তি যানবাহন থামিয়ে চাঁদা তুলছেন। সেলিম ও দেলোয়ার বাস থেকে আর জুম্মত আলী ট্রাক ও করিমন-নসিমন থেকে চাঁদা তুলছেন। পুলিশের কনস্টেবল মজিবর ও মিজানুর তাঁদের সহায়তা করছেন। রাস্তার অন্য প্রান্তে উপপরিদর্শক (এসআই) মকবুল এবং পুলিশের আরও তিন সদস্য বসে আছেন।সেলিম মিয়া জানান, তিনি প্রতিদিন ভোর পাঁচটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চাঁদা তোলেন। এ জন্য তাঁকে ১০০ টাকা পারিশ্রমিক দেওয়া হয়। বাকি টাকা জেলা পরিবহন শ্রমিক অফিসে জমা দিতে হয়। তাঁর সহযোগী দেলোয়ার সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চাঁদা তোলেন বলে জানান।জুম্মত আলী বলেন, তিনি মূলত রিকশাশ্রমিক। তবে বর্তমানে তিনি ‘পুলিশের কাজ’ করছেন।ঘটনাস্থলে উপস্থিত পুলিশের কনস্টেবল মিজানুর ও মজিবরের কাছে তাঁদের সামনে চাঁদাবাজি হলেও তাঁরা কিছু বলছেন না কেন, জিজ্ঞাসা করা হলে তাঁরা বলেন, ‘এটা আমাদের বিষয় নয়।’ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস ধলেশ্বরী পরিবহনের সুপারভাইজার জুয়েল মিয়া বলেন, এ বছর মহাসড়কের বিভিন্ন স্থানে চাঁদা দিতে হচ্ছে। এর মধ্যে বাইপাইলে ২০ টাকা, চন্দ্রা ও কালিয়াকৈরে ১০ টাকা, গোড়াইতে আট থেকে ১০ টাকা, মির্জাপুরে ১৫ টাকা, পাকুল্যাতে ১০ টাকা ও নাটিয়াপাড়ায় পাঁচ টাকা দিতে হয়।নাম প্রকাশে অনিচ্ছুক একজন ট্রাকচালক বলেন, এসব টাকা তোলা হচ্ছে পুলিশের নির্দেশে। তাদের নিয়োগ করা দালালেরা পরিবহন শ্রমিক সমিতির নামে এসব টাকা তুলছে। টাঙ্গাইল জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লাভলু মিয়া বলেন, তাঁরা কাউকে চাঁদা তোলার জন্য নিয়োগ করেননি। যদি কেউ তাঁদের নামে চাঁদা তুলে থাকে, সেটা প্রশাসনের প্রতিরোধ করা উচিত।গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানের কাছে এ বিষয়ে মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘শ্রমিকেরা কীভাবে চাঁদাবাজি করছে, তা তাদের ব্যাপার। আমার পুলিশ তো আর চাঁদাবাজি করছে না।’ পুলিশের সহায়তায় দালালেরা চাঁদাবাজি করছে উল্লেখ করলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, ‘আমি চাঁদাবাজি করি। আপনি আমার বিরুদ্ধে লেখেন, ছবিসহ লেখেন।’ এ কথা বলে তিনি সংযোগ কেটে দেন।