ওসি রফিককে জিজ্ঞাসাবাদের অনুমতি মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় মতিঝিল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ওরফে ওসি রফিককে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম নজরুল ইসলাম এ অনুমতি দেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ওসি রফিককে জিজ্ঞাসাবাদ করবে। ওসি রফিককে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে সিআইডি সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করে। আবেদনে বলা হয়, ওসি রফিক কাফরুলের কলেজছাত্র মোমিন হত্যা মামলায় বর্তমানে কারাগারে আছেন। তিনি ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার সময় মতিঝিল থানার ওসি ছিলেন। গ্রেনেড হামলা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে ওসি রফিককে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডিকে অনুমতি দেন আদালত।এর আগে এই মামলায় পুলিশের বিশেষ শাখার প্রধান ও পরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আবদুল কাইয়ুম, সাবেক আইজিপি শহুদুল হক, তত্কালীন ভারপ্রাপ্ত মহানগর পুলিশ কমিশনার মিজানুর রহমান খান, উপকমিশনার (পূর্ব) ওবায়দুর রহমান এবং প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) পাঁচজন সাবেক কর্মকর্তাকে সিআইডি কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নেতা-কর্মী নিহত এবং শেখ হাসিনাসহ কয়েক শ আহত হন। তত্কালীন সরকারের আমলে এর তদন্ত ভিন্ন খাতে নেওয়া হয়। ২০০৭ সালের এক-এগারোর পটপরিবর্তনের পর নতুন করে এ মামলার তদন্ত শুরু হয়। মুফতি হান্নান, আবদুস সালাম পিন্টু, তাঁর ভাই মাওলানা তাজউদ্দিনসহ ২২ জনের বিরুদ্ধে ২০০৮ সালের ১১ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।