ওসি রেজাউলের শাস্তির দাবি

যশোরের মনিরামপুর থানার প্রত্যাহূত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেনকে বিতর্কিত ও নিন্দনীয় মন্তব্যের কারণে চাকরিচ্যুত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে কয়েকটি সংগঠন। গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে ওই দাবি জানানো হয়।
মনিরামপুরের ঋষিপল্লি নিয়ে ২৬ জানুয়ারি প্রথম আলোতে ‘ঋষিপল্লিতে হামলা পরিকল্পিত, ধর্ষণের কথা স্বীকার’ শীর্ষক প্রতিবেদনে ওই ওসির মন্তব্য প্রকাশিত হয়। পরে বিতর্কিত ওই মন্তব্যের জের ধরে ওই ওসিকে মনিরামপুর থানা থেকে প্রত্যাহার করে যশোর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ওই ওসি যে মন্তব্য করেছেন, তা অত্যন্ত হতাশাব্যঞ্জক ও লজ্জাজনক। এই ঘৃণ্য মন্তব্যে ঋষি (দলিত) জনগোষ্ঠীর মানুষদের চরম হেয়প্রতিপন্ন করা হয়েছে। মানবাধিকারকে গলা টিপে হত্যা করা হয়েছে। ওসি রেজাউলের এ ধরনের মন্তব্য শুধু সম্ভ্রমহারা নারীদের অবমাননা করা হয়নি, গোটা নারী সমাজ ও দেশের মর্যাদার ওপর হামলা করা হয়েছে।
বক্তারা অভিযোগ করেন, ওই ওসি এর আগেও ঋষিদের ওপর সহিংসতার ঘটনায় চরম বৈষম্যমূলক আচরণ করেছিলেন। বক্তারা আরও অভিযোগ করেন, মনিরামপুরের ঋষিপল্লির হামলা ও ধর্ষণের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য উত্তম দাস নামের ঋষি সম্প্রদায়ের এক নিরপরাধ ব্যক্তিকে মামলায় ফাঁসানের পাঁয়তারা করা হচ্ছে। মানববন্ধনে ধর্ষিত নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তাঁদের পুনর্বাসনেরও দাবি জানানো হয়।
৫ জানুয়ারির নির্বাচনে ভোট দিতে না যাওয়ার পরও ভোট দেওয়ার ‘অপরাধে’ ঋষিপল্লিতে হামলা হয়েছিল। এতে দুই নারী গণধর্ষণের শিকার হন। যশোরের মনিরামপুর উপজেলার হাজরাইল গ্রামে ঋষিপল্লিতে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার মফিজ গাজী ও সাহাবুদ্দিন শিহাবের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য পাওয়া গেছে। এলাকায় তাঁরা দুজন বিএনপি-সমর্থক বলে পরিচিত।
এই দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরও ওসি মীর রেজাউল হোসেন ঋষিপল্লিতে আদৌ কোনো ধর্ষণের ঘটনা ঘটেছে কি না, এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। ওসি প্রথম আলোকে বলেন, ‘ওরা সবকিছু বাড়াইয়া বলে, ঋষি সম্প্রদায় যেখানে যে ঘটনা ঘটে, সেটাকেই তিল থেকে তাল করে বলে।’ তিনি বলেন, ‘একটি রাজনৈতিক অঙ্গন থেকে ওদের বলা হয়েছে, এ জিনিসটা হইলে এখানে প্রচুর টাকা আসবে, টিনের ঘর আসবে, অমুক-তমুক পাবে।’
মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ দলিত পরিষদ। এতে যোগ দেয় শিব শক্তি মিশন, বাংলাদেশ দলিত ঋষি পঞ্চায়েত ফোরাম।
মানববন্ধনে বাংলাদেশ দলিত পরিষদ ঢাকা বিভাগের সভাপতি রাকজুমার দাসের সভাপতিত্বে বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অশোক দাস, উপদেষ্টা মিলন দাস, উজ্জ্বল দাস প্রমুখ।