ওসি সালাহ্উদ্দিনসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝুট ব্যবসায়ী মাহাবুবুর রহমান ওরফে সুজনকে থানা হেফাজতে নির্যাতন করে হত্যার অভিযোগে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ্উদ্দিনসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। গতকাল রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে নিহত মাহাবুবুর রহমানের স্ত্রী মমতাজ সুলতানা এই নালিশি মামলা করেন।
মহানগর দায়রা জজ মো. জহুরুল হক বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতকে বিচার বিভাগীয় তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেওয়া হয়।
বাদী নিরাপত্তা চেয়ে আদালতে পৃথক একটি আবেদন করেন। আদালত এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
ওসি সালাহ্উদ্দিন ছাড়া অন্য আসামিরা হলেন মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজকুমার, কনস্টেবল আসাদ, রাশেদুল, মিঠুন এবং পুলিশের তথ্যদাতা (সোর্স) নাসিম, তাঁর সহযোগী ফয়সাল, খোকন ও পলাশ।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী। তিনি আদালতে বলেন, বাদীর স্বামী মাহাবুবুর রহমান একজন সফল ব্যবসায়ী ছিলেন। দুই বছর ধরে মাহাবুবুরের কাছে বিভিন্নভাবে আসামি জাহিদুর রহমান চাঁদা দাবি করে আসছিলেন। পুলিশ ১৩ জুলাই রাত ১২টার দিকে মিথ্যা মামলার কথা বলে মাহাবুবুরের বাসায় গিয়ে তাঁকে মারধর করে। এ সময় বাদী ও তাঁর শিশুপুত্র আসামি জাহিদের পায়ে ধরে কান্নাকাটি করলে তিনি শিশুটিকে লাথি মেরে ফেলে দেন। আসামিরা বাদীর কাছে দুই লাখ টাকা দাবি করে। বাদী টাকা দিতে পারবেন না বলায় তাঁকে চুলের মুঠি ধরে মারধর করা হয়। পরে আসামিরা তাঁর স্বামীকে, তাঁকে ও শিশুপুত্রকে থানায় নিয়ে যায়। ওসির নির্দেশে অন্য আসামিরা থানা হেফাজতে একটি কক্ষে আটকে রেখে মাহাবুবুরকে মারধর করেন। পরদিন সকালে বাদীকে ওসির কক্ষে নিয়ে জানানো হয়, তাঁর স্বামী অসুস্থ, তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। ওই সময় ওসি বাদীর কাছ থেকে একটি সাদা কাগজে সই নেন। পরে বাদী সাক্ষীদের নিয়ে ঢাকা মেডিকেলের মর্গে গিয়ে স্বামীর লাশ দেখেন। মাহাবুবুরের হাতে-পায়ে, মাথার পেছনে আঘাতের চিহ্ন দেখেন। আসামিরা নির্যাতন ও হেফাজতে মৃত্যু আইন, ২০১৩-এর ১৫ ধারার অপরাধ করেছেন।
ওই আইনে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। বাদীপক্ষে শুনানিতে সহায়তা করেন অতিরিক্ত পিপি শাহআলম তালুকদার, এ এন এম সাজ্জাদুল হক, তাপস কুমার পাল।
মাহাবুবুর হত্যার ঘটনায় গত বৃহস্পতিবার এসআই জাহিদসহ পুলিশের চার সদস্য ও চারজন সোর্সের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা করেন ওই থানার এসআই রফিকুল ইসলাম। এ মামলার দুই আসামি এসআই জাহিদ ও সোর্স নাসিমকে বুধবার ৫৪ ধারায় গ্রেপ্তার করে পরদিন এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের করে রিমান্ডে নেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মিরপুর থানায় হওয়া হত্যা মামলাটি তদন্ত করছে ডিবি পুলিশ।
অবশ্য মাহাবুবুরের পরিবার বৃহস্পতিবার বলেছিল, থানার পুলিশের ওপর তাদের আস্থা নেই। তাই তারা আদালতে মামলা করবে।