ওসি হেলালের আপিল খারিজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরকে নির্যাতনের মামলায় তিন বছরের কারাদণ্ডাদেশ পাওয়া খিলগাঁও থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিনের আপিল খারিজ করেছেন আদালত। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের (সিএমএম) দেওয়া কারাদণ্ডের বিরুদ্ধে ওসি হেলালের আপিল শুনানি শেষে আজ বুধবার ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল কবির এই রায় দেন।
কাদেরের আইনজীবী মুনজুর আলম প্রথম আলোকে বলেন, ঢাকার সিএমএম আদালত ওসি হেলাল উদ্দিনের বিরুদ্ধে করা মামলার রায়ে তিন বছরের কারাদণ্ডাদেশ দেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন ওসি হেলাল। শুনানি শেষে আদালত তাঁর ওই আপিল খারিজ করে দিয়েছেন। এতে ওসি হেলালের দণ্ড বহাল রইল। গত বছরের ১৭ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র আবদুল কাদেরকে নির্যাতন ও জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টার দায়ে হেলাল উদ্দিনকে ওই দণ্ডাদেশ দেন আদালত। বর্তমানে জামিনে থাকা হেলাল সাময়িক বরখাস্ত অবস্থায় পুলিশের ঢাকা রেঞ্জে সংযুক্ত আছেন। আবদুল কাদের এখন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রভাষক।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১১ সালের ১৫ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের ছাত্র আবদুল কাদের ইস্কাটন গার্ডেন রোডের খালার বাসা থেকে হেঁটে বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ফিরছিলেন। তিনি ওই হলের আবাসিক ছাত্র ছিলেন। দিবাগত রাত দেড়টার দিকে সেগুনবাগিচায় সাদাপোশাকের তিন পুলিশ সদস্য তাঁকে আটক করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দেওয়ার পরও পুলিশ তাঁকে মারধর করে। এরপর মাইক্রোবাসে তুলে তাঁকে খিলগাঁও থানায় নিয়ে সারা রাত হাজতে রাখা হয়। পরদিন ১৬ জুলাই সকালে ওসি হেলাল উদ্দিন তাঁর কক্ষে নিয়ে কাদেরকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন। ওই দিন তাঁর বিরুদ্ধে খিলগাঁও থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করে পুলিশ। এ ছাড়া ১৪ জুলাই মোহাম্মদপুর থানায় একটি গাড়ি ছিনতাইয়ের মামলায়ও তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ২৬ জুলাই কাদেরের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করলে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়।
২৮ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে কাদেরের নির্যাতনের ঘটনা তদন্তে আইনসচিব ও পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেন। তদন্তকালে খিলগাঁও থানার ওসি হেলাল উদ্দিন, উপপরিদর্শক (এসআই) আলম বাদশা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শহিদুর রহমানকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে হাইকোর্ট কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সরকারি খরচে চিকিৎসার নির্দেশ দেন। এরপর ওই দিনই বিএসএমএমইউর প্রিজন সেলে কাদেরকে ভর্তি করা হয়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল জলিলকে প্রধান করে চার সদস্যের এবং আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আশীষ রঞ্জনকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ২০১১ সালের ৩ আগস্ট কাদের তাঁর বিরুদ্ধে করা তিনটি মামলায় জামিন পান। এরপর তিনি ফজলুল হক হলে ফিরে যান।