ওসি হেলালের তিন বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ববিদ্যালয়ছাত্র কাদেরকে নির্যাতন
বিশ্ববিদ্যালয়ছাত্র কাদেরকে নির্যাতন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র আবদুল কাদেরকে নির্যাতন ও জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টার দায়ে খিলগাঁও থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবীর এ মামলার রায় ঘোষণা করেন।
গতকাল হেলাল উদ্দিনের পক্ষে তাঁর আইনজীবী সাইদুর রহমান সময়ের আবেদন করেন। আদালত তা নাকচ করে একমাত্র আসামি হেলাল উদ্দিনকে পলাতক দেখিয়ে এ রায় ঘোষণা করেন। পরে আদালত সাজাপ্রাপ্ত আসামি হেলালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সাময়িক বরখাস্ত হেলাল ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে সংযুক্ত ছিলেন।
মামলার বাদী আবদুল কাদের গতকাল আদালতে উপস্থিত ছিলেন না। বিসিএস (শিক্ষা) উত্তীর্ণ কাদের বর্তমানে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক। রায়ের প্রতিক্রিয়ায় তিনি প্রথম আলোকে বলেন, ‘অন্যায়ের বিচার হয়েছে, এতে আমি সন্তুষ্ট। মা-বাবাও এ রায় শুনে সন্তুষ্ট হয়েছেন। তবে তাঁরা বলেছেন, ওসি হেলালের আরও বেশি সাজা হলে তাঁরা খুশি হতেন।’
আসামিপক্ষের আইনজীবী সাইদুর রহমান রায়ের পর সাংবাদিকদের বলেন, আসামি হেলাল উদ্দিন অসুস্থ। এ কারণে তিনি রায়ের তারিখ পেছানোর আবেদন করেছিলেন। আদালত তা নাকচ করে রায় ঘোষণা করেছেন। রায়ের অনুলিপি পাওয়ার পর তা পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিল করা হবে।
সংক্ষিপ্ত রায়ে বলা হয়, পুলিশ জনগণকে নিরাপত্তা দেবে, কিন্তু পুলিশ যদি নির্যাতন করে তা নিন্দনীয়, অমানবিক এবং দায়িত্বের চরম অবহেলা। এ মামলার আসামি হেলাল উদ্দিন ঘটনার সময় (২০১১ সালের ১৬ জুলাই) খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। তাঁর কাছ থেকে এ ধরনের নির্যাতনের ঘটনা কারোরই কাম্য নয়।
রায়ে আরও বলা হয়, আবদুল কাদেরকে নির্যাতনের একমাত্র প্রত্যক্ষ সাক্ষী ছিলেন সংশ্লিষ্ট থানার কনস্টেবল আবদুল করিম। তিনি তাঁর জবানবন্দিতে বলেছেন, ঘটনার দিন তিনি রাত চারটা থেকে ছয়টা পর্যন্ত ডিউটিতে ছিলেন। ভোর সাড়ে চারটায় এসআই আলম বাদশা কাদেরকে আটক করে নিয়ে আসেন। থানায় ডিউটিতে থাকা পুলিশ কর্মকর্তা মো. আসলামের নির্দেশে তাঁকে হাজতে আটক রাখা হয়। পরদিন থানার ডিউটিতে আসার পর ওসি হেলাল তাঁকে লকার খুলে কাদেরকে তাঁর কক্ষে নিয়ে যেতে বলেন। ওসি হেলালের কক্ষে রেখে আসার কিছুক্ষণ পর তিনি কাদেরের চিৎকার শুনতে পান এবং গিয়ে দেখেন, কাদের রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাঁর বাঁ পা রক্তাক্ত। অপর সাক্ষী খিলগাঁও থানার তৎকালীন ডিউটি অফিসার এসআই আসলাম মিয়া একই জবানবন্দি দেন।
রাষ্ট্রপক্ষ এ মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ১৩ জন সাক্ষী উপস্থাপন করেছে। সাক্ষীরা অভিযোগ প্রমাণে সক্ষম হওয়ায় আসামি হেলাল উদ্দিনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হলো। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাঁকে আরও তিন মাস কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। রায়ে বলা হয়, আসামি হেলাল যেদিন গ্রেপ্তার বা আত্মসমর্পণ করবেন, সেই দিন থেকে এ রায় কার্যকর হবে।
আবদুল কাদেরকে নির্যাতনের ঘটনা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারের পর হাইকোর্ট তদন্তের নির্দেশ দেন। পরে আইন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে কাদের ২০১২ সালের ২৩ জানুয়ারি ওসি হেলালের বিরুদ্ধে এ মামলা করেন। ওই বছরের ২৬ মার্চ খিলগাঁও থানার উপপরিদর্শক আবু সাঈদ আকন্দ তদন্ত শেষে হেলাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ২০১২ সালের ১ অক্টোবর এ মামলায় অভিযোগ গঠন করা হয়। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মুনজুর আলম, মোহাম্মদ গাফফার হোসেন ও শুভ্র সিনহা রায়।
কাদেরকে নির্যাতন: ২০১১ সালের ১৫ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের ছাত্র আবদুল কাদের ইস্কাটন গার্ডেন রোডের খালার বাসা থেকে হেঁটে বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ফিরছিলেন। তিনি ওই হলের আবাসিক ছাত্র ছিলেন। রাত দেড়টার দিকে সেগুনবাগিচায় সাদাপোশাকের তিন পুলিশ সদস্য তাঁকে আটক করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দেওয়ার পরও পুলিশ তাঁকে মারধর করে। এরপর মাইক্রোবাসে তুলে তাঁকে খিলগাঁও থানায় নিয়ে সারা রাত হাজতে রাখা হয়। পরদিন ১৬ জুলাই সকালে ওসি হেলাল উদ্দিন তাঁর কক্ষে নিয়ে কাদেরকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন। ওই দিন তাঁর বিরুদ্ধে খিলগাঁও থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে ও অস্ত্র আইনে দুটি মামলা করে পুলিশ। এ ছাড়া ১৪ জুলাই মোহাম্মদপুর থানায় একটি গাড়ি ছিনতাইয়ের মামলায়ও তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ২৬ জুলাই কাদেরের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করলে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়।

>
ওসি হেলাল উদ্দিন
ওসি হেলাল উদ্দিন
২০১১ সালের ১৫ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাদেরকে আটক করে পুলিশ। খিলগাঁও থানায় নিয়ে হাজতে রাখা হয় তাঁকে। পরদিন সকালে ওসি হেলাল তাঁর কক্ষে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেন কাদেরকে

২৮ জুলাই বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে কাদেরের নির্যাতনের ঘটনা তদন্তে আইনসচিব ও পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেন। তদন্তকালে খিলগাঁও থানার ওসি হেলাল উদ্দিন, উপপরিদর্শক (এসআই) আলম বাদশা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শহিদুর রহমানকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে হাইকোর্ট কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সরকারি খরচে চিকিৎসার নির্দেশ দেন।
এরপর ওই দিনই বিএসএমএমইউর প্রিজন সেলে কাদেরকে ভর্তি করা হয়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল জলিলকে প্রধান করে চার সদস্যের এবং আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আশীষ রঞ্জনকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ২০১১ সালের ৩ আগস্ট কাদের তাঁর বিরুদ্ধে করা তিনটি মামলায় জামিন পান। এরপর তিনি ফজলুল হক হলে ফিরে যান।
২০১১ সালের ২৮ নভেম্বর আইন মন্ত্রণালয়ের এবং ১১ ডিসেম্বর পুলিশের কমিটি কাদেরকে নির্দোষ উল্লেখ করে হাইকোর্টে প্রতিবেদন জমা দেয়। দুটি কমিটি খিলগাঁও থানার এসআই আলম বাদশার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনে। মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে খিলগাঁও থানার ওসি হেলাল উদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সুপারিশ করা হয়। মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ও হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ২৩ জানুয়ারি ওসি হেলাল উদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির ৩৩১ ও ৩৩৪ ধারায় খিলগাঁও থানায় মামলা করা হয়।
২০১১ সালের নভেম্বরে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত শেষে খিলগাঁও থানায় করা ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন ও মোহাম্মদপুর থানায় গাড়ি ছিনতাইয়ের মামলার অভিযোগ থেকে কাদেরকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে। পরে আদালত তাঁকে অব্যাহতি দেন।