ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরকে থানায় ধরে নিয়ে নির্যাতনের মামলায় খিলগাঁও থানার সাবেক ওসি হেলাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।গতকাল সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসেইনের আদালতে অভিযোগ গঠিত হয়। একই সঙ্গে আগামী ১১ নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।আবদুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের ছাত্র। গত বছরের ১৫ জুলাই রাতে আত্মীয়ের বাসা থেকে হেঁটে বিশ্ববিদ্যালয়ের হলে ফেরার পথে সেগুনবাগিচায় তাঁকে আটক ও মারধর করে পুলিশ। পরদিন সকালে খিলগাঁও থানার তৎকালীন ওসি হেলাল উদ্দিন তাঁর কক্ষে নিয়ে কাদেরকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন। পুলিশ তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুটি মিথ্যা মামলা এবং মোহাম্মদপুর থানার একটি গাড়ি ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার দেখায়। এ নিয়ে প্রথম আলোসহ বিভিন্ন দৈনিকে খবর প্রকাশিত হলে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন এবং ঘটনাটি তদন্তের নির্দেশ দেন। তদন্তে কাদের নির্দোষ প্রমাণ হন। তাঁকে মারধর ও নির্যাতন করে মিথ্যা তথ্য আদায়ের অভিযোগে ওসি হেলাল উদ্দিনের বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি মামলা হয়।