ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুরে পুলিশের বিরুদ্ধে আজাদ হত্যা মামলার আসামি রকিবুল ইসলামকে (১৬) ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মহম্মদপুর থানার ওসি অপসারণের দাবিতে গতকাল রোববার মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মহম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় দুপুরে ওই মানববন্ধন করা হয়। স্থানীয় কয়েকজন জানান, এ বছর কুমরুল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে রকিবুল ইসলাম। গত শনিবার দুপুরে মহম্মদপুর সদরের বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়ে বের হলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আওয়ামী লীগের স্থানীয় এক নেতার মধ্যস্থতায় ২০ হাজার টাকা ঘুষের বিনিময়ে বিকেলে থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় সংবাদকর্মীরা তথ্য সংগ্রহ ও আসামির ছবি তুলতে গেলে থানার এএসআই আশরাফ শিকদার ও নাসির হোসেন তাঁদের বাধা দেন।
পুলিশ জানায়, উপজেলার ভাটরা গ্রামে গত ১৪ ফেব্রুয়ারি দুই পক্ষের সংঘর্ষে আজাদ শেখ (৩৫) নামের এক ব্যক্তি নিহত হন। ওই ঘটনায় করা মামলার আসামি রকিবুল।
রকিবুলের বাবা আসাদ জমাদ্দার বলেন, ‘ছেলেটার পরীক্ষা। কোনো উপায় না দেখে পুলিশকে টাকা দিয়েছি।’ এএসআই আশরাফ শিকদার ও নাসির হোসেন বলেন, টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ঠিক না। থানার ওসি আতিয়ার রহমান বলেন, ছেলেটিকে ছেড়ে দেওয়ার ব্যাপারে উচ্চপর্যায় থেকে তদবির ছিল।