ওসিকে ঘুষ দিয়ে জুয়ার আসর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষাঁড়ের লড়াই, বাউল গান ও বারুণী মেলার নামে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় গত এক মাসে অন্তত ৮-১০টি গ্রামে প্রকাশ্যে জুয়ার আসর বসে। থানার ওসি মোটা অঙ্কের টাকা নিয়ে জুয়ার আসর চালানোর অনুমতি দেন বলে অভিযোগ পাওয়া যায়।
এলাকার অনেকে জানান, গত এক মাসে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের রাজাপুর গ্রামের মাঠে বাউল গান, জামালপুর ও বড়খলা গ্রামের মাঠে ষাঁড়ের লড়াই, সেলবরষ ইউনিয়নের মির্জাপুর গ্রামের মাঠে ষাঁড়ের লড়াই, ধরমপাশা সদর ইউনিয়নের লংকাপাথারিয়া গ্রামের মাঠে ষাঁড়ের লড়াই, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুখাইড় গ্রামের মাঠে বারুণী মেলা ও একই ইউনিয়নের বৌলাইগঞ্জ বাজারে বাউল গান এবং সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামের মাঠে ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়। প্রতিটি অনুষ্ঠানে ওয়ানটেন, পট, চড়কা, তাস নামে বসেছিল জুয়ার আসর। এতে আসা বিভিন্ন বয়সের লোকজন জুয়াড়িদের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে বাড়ি ফেরেন।
এলাকার অনেকে জানান, গতকাল সকাল ১০টার দিকে শরিশ্যাম গ্রামের মাঠে ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করেন গ্রামবাসী। এ উপলক্ষে সোমবার রাত ১০টা থেকে ভোর পর্যন্ত ওই গ্রামের সামনে পতিত জমিতে চলে জুয়ার আসর। গতকাল সকালেও ষাঁড়ের লড়াইয়ের পাশাপাশি ওই পতিত জমিতে বসে জমজমাট জুয়ার আসর। তা চলে বিকেল চারটা পর্যন্ত। শরিশ্যাম গ্রামের বাসিন্দা বোরহান মিয়া, দুলাল মিয়াসহ সাত-আটজন এ জুয়ার আসর নিয়ন্ত্রণ করেন। তাঁরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোটা অঙ্কের টাকা দিয়ে এ আসর চালানোর অনুমতি নিয়েছেন।
সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামের দুলাল মিয়ার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে শরিশ্যাম গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বোরহান মিয়া বলেন, ‘গ্রামবাসী ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করেছেন। এখানে জুয়ার আসর বসলেও এতে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
ইউনিয়ন চেয়ারম্যান অ্যাসোসিয়েশন ধরমপাশা উপজেলার সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম চৌধুরী জানান, প্রকাশ্যে জুয়ার আসর বসলেও পুলিশকে জানিয়ে কোনো প্রতিকার মিলছে না। পুলিশ রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে। এ অবস্থায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে।
ধরমপাশা থানার ওসি মো. বায়েছ আলম বলেন, ‘টাকা নিয়ে জুয়ার আসর চালানোর জন্য আমি কাউকে অনুমতি দিইনি। এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। পুলিশের নাম বিক্রি করে কোনো একটি চক্র হয়তো বা এমনটি করছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খালেদুর রহমান বলেন, ‘জুয়ার আসর বন্ধের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একাধিকবার বলেছি, কিন্তু জুয়া বন্ধ হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানাব।’
জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, খোঁজ নিয়ে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।