ওসিকে জখম করে পালাল মাদকসেবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির ছেলের ক্ষুরে গুরুতর আহত হয়েছেন এক ওসি। গত মঙ্গলবার রাতে মাদকসেবী ও পুলিশের তালিকাভুক্ত ওই যুবককে আটক করে থানায় আনার পথে হামলার শিকার হন তিনি।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) মহসীন আলী রুবেল হোসেন তালুকদারকে (২৬) উপজেলার সিও বাসস্ট্যান্ড মোড় থেকে আটকের পর তাঁকে থানায় আনা হচ্ছিল। পথিমধ্যে সঙ্গে থাকা ক্ষুর দিয়ে ওই পুলিশ কর্মকর্তাকে আঘাত করে পালিয়ে যান রুবেল। মহসীনকে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়া হয়। পলাতক রুবেল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নূরুল হক তালুকদারের ছেলে। তিনি একটি হত্যা মামলার তালিকাভুক্ত আসামি। এদিকে পুলিশ কর্মকর্তাকে আঘাত করে পালানোয় ওই রাতেই রুবেলের বড় ভাই নুরুজ্জামান তালুকদার ও চাচাতো ভাই আলম তালুকদারকে আটক করা হয়।রুবেলের বাবা নূরুল হক তালুকদার বলেন, ‘শুনেছি পুলিশকে আঘাত করে আমার ছেলে পালিয়েছে। এরপর পুলিশ আমার বাড়িতে হামলা করে একটি দরজা ও মোটরসাইকেল ভেঙেছে। সেই সঙ্গে বাড়ির মহিলাদের লাঞ্ছিত করেছে। আমার নিরপরাধ ছেলে ও ভাতিজাকে আটক করেছে।’ এ বিষয়ে বগুড়ার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আশরাফুল ইসলাম বলেন, পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় মামলা করা হবে। তবে নূরুল হক তালুকদারের বাড়িতে হামলা ও মহিলাদের লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করেন তিনি।