ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদ হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। এই হত্যার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অব্যাহত রয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইকবাল আজাদ হত্যার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে গত রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে মানববন্ধন হয়েছে। ঢাকার সরাইল থানা সমিতির উদ্যোগে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির সহসভাতি খলিলুর রহমান। ইকবাল আজাদ এই সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। এ সময় বক্তব্য দেন ওই হত্যা মামলার বাদী ও ইকবাল আজাদের ছোট ভাই এ কে এম জাহাঙ্গীর আজাদ, শাহজাহান মিয়া, নুর মিয়া, আবদুস সালাম, হোসাইন আহম্মদ, তাজুল ইসলাম, সাংবাদিক মোতাসিম বিল্লাহ, আশরাফুল ইসলাম, আবদুল ওয়াহাব, আশরাফ উদ্দিন, জয়নাল উদ্দিন প্রমুখ। বক্তারা তিন দিনের মধ্যে সব আসামিকে গ্রেপ্তার ও ১০ দিনের মধ্যে অভিযোগপত্র দাখিলের সময়সীমা বেঁধে দেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন চলে। পরে দুপুরে তাঁরা উপজেলা সদরে মিছিল করেন। তাঁরা হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এদিকে গতকাল সোমবার সকাল থেকে একই দাবিতে উপজেলা সদরে মিছিল হয়েছে।সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ আলম বকাউল জানান, ওসি গিয়াস উদ্দিনকে রোববার সকালে প্রত্যাহার করা হয়েছে। থানার ওসি-তদন্ত জাকির হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।২১ অক্টোবর উপজেলা সদরে দলীয় প্রতিপক্ষের দায়ের কোপে ও বল্লমের আঘাতে ইকবাল আজাদ খুন হন।