ওসিকে প্রত্যাহারের প্রতিবাদে যুবলীগ-ছাত্রলীগের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজী মডেল থানার ওসিকে প্রত্যাহারের প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল করেন স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবি: প্রথম আলো
ফেনীর সোনাগাজী মডেল থানার ওসিকে প্রত্যাহারের প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল করেন স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবি: প্রথম আলো

ফেনীর সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের প্রতিবাদে আজ শুক্রবার বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় উপজেলা সদরে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটলে আতঙ্কের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ফেনীর সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদকে প্রত্যাহার করে ফেনী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব নেন হুমায়ুন কবীর নামের পুলিশের একজন পরিদর্শক। আগের ওসিকে প্রত্যাহার ও নতুন ওসি যোগদানের খবর জানাজানি হলে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওসি প্রত্যাহারের প্রতিবাদে আজ দুপুর ১২টার দিকে যু্বলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপজেলার জিরো পয়েন্টে বিক্ষোভ করেন। সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন তাঁরা। সমাবেশে আগের ওসি হারুনকে সোনাগাজী থানায় পুনর্বহালের দাবি জানানো হয়। এতে উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছায়েদুল হক ও সাধারণ সম্পাদক আবদুল মোতালেব চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। প্রতিবাদ সভা ও বি‌ক্ষোভ চলাকালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় নেতা-কর্মীরা ফেনী-সোনাগাজী সড়কের মতিগঞ্জ এবং বক্তারমুন্সি ডাকবাংলো এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। ফলে ফেনী-সোনাগাজী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা এ সড়ক অবরোধ চলে। পরে ওই দুই স্থানে পুলিশ গিয়ে অবরোধ তুলে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
সোনাগাজী থানায় নতুন যোগ দেওয়া ওসি হুমায়ুন কবীর বিক্ষোভ ও সড়ক অবরোধের সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার প্রথম আলোকে বলেন, পুলিশের নিয়মিত কাজের অংশ হিসেবে ওসি হারুনকে সোনাগাজী মডেল থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
জানতে চাইলে উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল সাংবাদিকদের বলেন, আগের ওসিকে বিদায় এবং নতুন ওসিকে বরণের বিষয়টি অনেকেই মেনে নিতে পারেনি। তাই এ বিক্ষোভ হয়েছে।