ওসিকে বদলির সময়সীমা বেঁধে দিলেন সাংসদ
ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী এক মাসের মধ্যে ভাঙ্গার ওসিকে প্রত্যাহার করে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন। অন্যথায় থানা ঘেরাও ও হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
গতকাল শনিবার বিকেলে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এই হুঁশিয়ারি দেন। পূর্ব সদরদী থেকে ঘারুয়া সেতা পর্যন্ত ৮০০ মিটার সড়কের পাকা করার কাজ উদ্বোধন উপলক্ষে এলাকাবাসীর উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়। এলজিইডি ১৯ লাখ ৭৩ হাজার টাকায় এ কাজটি বাস্তবায়ন করছে।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মজিবুর রহমান অভিযোগ করেন, ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলাম সাধারণ মানুষকে হয়রানি করছেন। তিনি ২০০৫ সালের নির্বাচনে জনগণের দ্বারা পতিত নেতার এজেন্ট হয়ে কাজ করছেন। এর ফলে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সাংসদ বলেন, এক মাসের মধ্যে ভাঙ্গা থানান ওসিকে প্রত্যাহার করে নিতে হবে। এক মাসের মধ্যে ওসিকে প্রত্যাহার করা না হলে জনগণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও, হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। সভার শেষ পর্যায়ে সাংসদ ঘোষণা দিয়ে বলেন, যতদিন ওসিকে বদলি করা না হবে ততদিন পর্যন্ত তিনি ভাঙ্গা থানার পুলিশের কোনো ধরনের প্রটোকল গ্রহণ করবেন না।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যার কঠোর সমালোচনা করে সাংসদ বলেন, গত নির্বাচনে এলাকার জনগণ কাজী জাফর উল্যাকে প্রত্যাখ্যান করেছে। অথচ পুলিশ তাঁর হয়ে কাজ করছে। এ অবস্থা মেনে নেওয়া যায় না।
গতকাল শনিবার বিকালে ঘারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জনসভা ডেকেছিলেন স্বতন্ত্র সাংসদ মুজিবুর রহমান। জনসভা ঠেকাতে কাজী জাফর উল্যার-সমর্থিত ঘারুয়া ইউনিয়ন যুবলীগ একই সময়ে একই স্থানে পাল্টা সভা আহ্বান করেন। প্রশাসন ১৪৪ ধারা জারি করায় কোনো পক্ষই নির্ধারিত স্থানে সভা করতে পারেনি।
সাংসদের অভিযোগের ব্যাপারে ওসি নাজমুল ইসলাম বলেন, ‘উনি সংসদ সদস্য, মাননীয় ব্যক্তি। এ হিসাবে ওনাকে আমরা প্রটেকশন দেওয়ার চেষ্টা করব। উনি না নিলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানাব।’ বদলির সময়সীমার বিষয়ে তিনি বলেন, ‘এর আগেও তিন-চারবার উনি আমাকে বদলির জন্য ডিও লেটার দিয়েছেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।’ তিনি দাবি করেন, কাজী জাফর উল্যা সাহেবের নির্দেশে নয়, এলাকার শান্তি-শৃঙ্খলার জন্য ঘারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা দেওয়া হয়েছে।