ওসিকে হুমকি দেওয়ার অভিযোগে আ.লীগ নেতার বিরুদ্ধে জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার আওয়ামী লীগের নেতা রাসেদুল হকের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালউদ্দিন। মামলা না নেওয়ায় পুলিশ কর্মকর্তাকে দেখে নেওয়ার হুমকির অভিযোগে এ জিডি করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেদেনীমন্ডল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাসেদুলের ছেলে মাহিন (২০) বাবার প্রভাব খাটিয়ে বিনা পয়সায় পার্শ্ববর্তী কুমারভোগ ইউনিয়নে গিয়ে ভিডিও গেমস খেলতেন। এ নিয়ে ভিডিও গেমস দোকানের মালিক ও কুমারভোগের স্থানীয় ছেলেদের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। এ ঘটনায় রাসেদুল থানায় গিয়ে কুমারভোগের আজাহার, রনি ও জনিসহ কয়েকজন যুবকের বিরুদ্ধে মামলা নেওয়ার জন্য ওসিকে চাপ দেন। ওসি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানান। এতে রাসেদুল ক্ষিপ্ত হয়ে ওসিকে দেখে নেওয়ার এবং মাওয়াঘাট অচল করে দেওয়ার হুমকি দেন। ওসি রাতে জিডি করেন।