ওসির অপসারণ চাইলেন মুক্তিযোদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব খান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হারুন-উর-রশিদের অপসারণ দাবি করেছেন মুক্তিযোদ্ধা (একাত্তরে গ্রুপ কমান্ডার) শেখ ইউনুস আলী।সোমবার দুপুরে লোহাগড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে শেখ ইউনুস আলী এ দাবি করেন। তাঁর এইচএসসি পরীক্ষার্থী ছেলে শেখ ছগিরউদ্দিনকে (২০) পুলিশের ওপর হামলার মামলায় আসামি করায় তিনি এ সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে শেখ ইউনুস আলী বলেন, ‘স্থানীয় সাংসদের ইন্ধনে পুলিশ প্রকৃত অপরাধীদের আড়াল করে এজাহারে নাম না থাকা সত্ত্বেও আমার ছেলেকে এ মামলায় জড়িয়ে গ্রেপ্তার করেছে। ছগিরকে ছাড়তে ওসি আবদুর রকিব খান এক লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন। তা না দেওয়ায় পরদিন ভোর চারটায় রাতের অন্ধকারে তাকে নড়াইল পাঠানো হয়। এ ঘটনার সঙ্গে এএসআই হারুন-উর-রশিদও জড়িত। আমি ছেলের নিঃশর্ত মুক্তি চাই এবং এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করছি।’ সংবাদ সম্মেলনে লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার শেখ আবদুল হান্নান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি মো. আশরাফুল আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সদরউদ্দিন শামীম প্রমুখ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩ ডিসেম্বর সন্ধ্যায় লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের মহড়ার সময় লক্ষ্মীপাশা খেয়াঘাট এলাকায় লোহাগড়া থানার এএসআই সোহেল রানার ওপর হামলা হয়। এ ঘটনায় এসআই মীর মনিরুজ্জামান বাদী হয়ে চারজনসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। মুক্তিযোদ্ধা শেখ ইউনুস আলীর ছেলে ছাত্রলীগের কর্মী শেখ ছগিরউদ্দিনকে ১৩ জানুয়ারি সন্ধ্যায় পুলিশ আটক করে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠায়। তিনি এখনো জেলহাজতে আছেন।লোহাগড়া থানার ওসি আবদুর রকিব খান বলেন, ‘কারও ইন্ধনে নয়, এজাহারে নাম না থাকলেও এ মামলার তদন্তে শেখ ছগিরউদ্দিনের নাম আসায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আর আমি কারও কাছে কোনো ঘুষ চাইনি।’এএসআই হারুন-উর-রশিদ বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমার কোনো যোগসূত্র নেই।’