ওসির অপসারণ দাবি থানায় ছাত্রলীগের অবস্থান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে মামলা নেওয়ায় সংগঠনের নেতা-কর্মীরা গতকাল শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়ার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও থানায় অবস্থান ধর্মঘট করেছে।বেলা সাড়ে তিনটার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা উপজেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কোটালীপাড়া থানার সামনে এসে সমাবেশে মিলিত হয়। পরে সেখানে অবস্থান ধর্মঘট করা হয়।সমাবেশে বক্তব্য দেন কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক বাবুল হাজরা, যুগ্ম আহ্বায়ক মুন্নু হাজরা, দুলাল শেখ, শেখ লুৎফর রহমান কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাইয়ুম হাওলাদার প্রমুখ।বক্তারা অভিযোগ করেন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক বাবুল হাজরার বিরুদ্ধে পুলিশ মিথ্যা মামলা নিয়ে তাঁকে হয়রানির চেষ্টা করছে।বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম ঘটনাটির সুষ্ঠু তদন্তের আশ্বাস এবং এ বিষয়ে ছাত্রলীগের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের ঘোষণা দিলে তারা অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে নেয়।কোটালীপাড়া থানার ওসি তোতা মিয়া বলেন, অভিযোগ যে কেউ দায়ের করতে পারে। অভিযোগ ঠিক না হলে পুলিশ তদন্ত করে যেটা পাবে, সেভাবে রিপোর্ট দেবে।বাবুল হাজরা বলেন, সীমানা নিয়ে বিরোধের জের ধরে গত শুক্রবার ভোরে তাঁর বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। তাঁর বড় ভাই কবিরুল ইসলামকে কুপিয়ে আহত করা হয়। পুলিশ তাঁদের মামলা নিতে বিলম্ব করে এবং হামলাকারী প্রতিপক্ষের অভিযোগ তদন্ত না করেই তা এজাহার হিসেবে গ্রহণ করে।