ওসির অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল
কক্সবাজারের পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমানের অপসারণ দাবিতে গতকাল বুধবার দুপুর একটায় উপজেলা সদরে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন যুবলীগের নেতা-কর্মীরা।
ঝাড়ু মিছিলটি পেকুয়া চৌমুহনী থেকে বের হয়ে ইউএনওর কার্যালয় হয়ে ফের চৌমুহনীতে এসে জমায়েত হয়। মিছিল শেষে বিক্ষোভকারীরা মগনামা-চকরিয়া সড়কের পেকুয়া চৌমুহনী স্টেশন এলাকায় ৩০ মিনিট অবরোধ করে রাখেন। এ সময় বক্তব্য দেন যুবলীগ কর্মী মো. আজম উদ্দিন, মোকতার আহমদ, মো. হারুন, শাহিনুর কবির, হেলাল উদ্দিন, মো. আজিম প্রমুখ। বিক্ষোভ মিছিলে কিছু নারীও অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা ওসির বিরুদ্ধে ‘নারী কেলেংকারির হোতা ওসির বদলি চাই’ ‘নোংরা ওসির বদলি চাই, ‘ঘুষখোর ও দুর্নীতিবাজ ওসির বদলি চাই’সহ নানা স্লোগান-সংবলিত ব্যানার, ফেস্টুন ও ঝাড়ু বহন করেন বিক্ষোভকারীরা।
পেকুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘মামলাবাণিজ্য, বিচারপ্রার্থীর সঙ্গে খারাপ আচরণ, হুমকি-ধমকি দিয়ে টাকা আদায়সহ নানা অপরাধ কর্ম করছেন ওসি হাবিব। তাঁর অপরাধকর্ম এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে যুবলীগের কর্মীসহ সাধারণ মানুষ বাড়িঘরে থাকতে পারছে না। তাই তাঁর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন সাধারণ জনগন। তাঁকে অপসারণ করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
জানতে চাইলে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, মিছিলকারীদের অপকর্মে সায় না দেওয়ায় তাঁরা মিছিল করছে। মনে করেন একটি নাটক মঞ্চস্থ হয়েছে।