ওসির অপসারণের দাবিতে আ.লীগের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লার অপসারণের দাবিতে কাল রোববার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলায় হরতালের ডাক দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। ওই দিনের মধ্যে কোনো ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে তারা।কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতি ও শ্রমিক ইউনিয়ন হরতালের প্রতি সমর্থন জানিয়ে গতকাল শুক্রবার উপজেলা সদরে মাইকিং করা হয়েছে।ওসির অপসারণের দাবিতে এর আগে বৃহস্পতিবার কলারোয়া সদরে সড়ক অবরোধ করে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সমাবেশে বক্তব্য দেন কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সহিদ আলী, ছাত্রলীগের সভাপতি মোস্তাক আহম্মেদ প্রমুখ।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ওসি মনিরুজ্জামান দুই মাস আগে কলারোয়া থানায় যোগদানের পর ছয় বছরের এক শিশুর নামে দুটি চাঁদাবাজির মামলা নেন। তদন্ত ছাড়াই সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা গ্রহণ করে হয়রানি করছেন। তিনি গোপালগঞ্জের নাম ভাঙিয়ে মহাজোটের নেতা-কর্মীদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়াসহ সম্মানহানি করছেন। গ্রেপ্তারের নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন। টাকা হলেই থানায় মিথ্যা মামলা নেওয়া হচ্ছে। পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও ওসি মনিরুজ্জামান মাদক ও চোরাকারবারিদের কাছ থেকে চাঁদা আদায় করে অবৈধ ব্যবসার সুযোগ করে দিচ্ছেন।ওসি মনিরুজ্জামান তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, পুলিশ সুপার স্যার ঢাকায়। আজ শনিবার তিনি কলারোয়া উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আলোচনার পর ওসির বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে।