ওসির অপসারণের দাবিতে মহাসড়ক অবরোধ
মুন্সিগঞ্জের গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হাসানের অপসারণের দাবিতে গতকাল রোববার তেতৈতলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী শহীদুজ্জামান জাকারিয়ার সমর্থকেরা। পরে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। অবরোধকারীদের অভিযোগ, ওসি একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করছেন।
গত ২৩ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনের সময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা বালুয়াকান্দি ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন প্রধানকে হত্যা করে। এই ইউপিতে ২৪ আগস্ট উপনির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপনির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে চেয়ারম্যান প্রার্থী জাকারিয়া ও প্রয়াত চেয়ারম্যান সামসুদ্দিন প্রধানের স্ত্রী মর্জিনা বেগমের সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকায় নির্বাচন ঘিরে উত্তেজনা বিরাজ করছে।
জাকারিয়ার সমর্থকেরা অভিযোগ করেন, গজারিয়া থানার ওসি মর্জিনার পক্ষে কাজ করছেন। তাই এলাকার নারী-পুরুষেরা ওসির অপসারণ দাবিতে গতকাল দুপুর ১২টা থেকে মহাসড়ক অবরোধ করেন। তাঁরা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন বলে দাবি করেন।
এ ব্যাপারে ওসি ফেরদৌস হাসান বলেন, যাঁরা সামসুদ্দিন প্রধানকে হত্যা করেছেন ও মামলার আসামি, তাঁরাই আদালত থেকে জামিনে এসে এখন চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। একজন হচ্ছেন জাকারিয়া ও আরেকজন হচ্ছেন বিল্লাল প্রধান। সামসুদ্দিন হত্যা মামলার বাদী হচ্ছেন মর্জিনা বেগম। তিনিও নির্বাচন করছেন। এসব কারণে কোনো ঘটনা ঘটলে অপরাধীদের ধরতে যেতে হয়। তাই আসামিরা এখন তাঁর বিরুদ্ধে অপপ্রচার করে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন। কিন্তু তাঁরা সেটা পারেননি। পুলিশ গিয়ে তাঁদের দ্রুত সড়ক থেকে হটিয়ে দিয়েছে বলে তিনি দাবি করেন।