ওসির অপসারণের দাবিতে মানববন্ধন
মামলা না নেওয়ায় নড়াইলের লোহাগড়া থানার ওসির অপসারণের দাবিতে গতকাল শনিবার জেলা শহরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়েছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ২ জুন লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকারা গ্রামে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী (বর্তমানে নির্বাচিত) হেমায়েত হোসেন এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খান জাহাঙ্গীর আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এরপর কয়েকটি গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় নৌকা প্রতীকের সমর্থক ফরহাদ শিকদার (৩২) গুলিবিদ্ধ হয়ে আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদ শিকদারের বাঁ পায়ের হাঁটুর নিচু থেকে কেটে ফেলা হয়।
ফরহাদ শিকদার দাবি করেন, খান জাহাঙ্গীর আলম ও তাঁর ভাই লোহাগড়া উপজেলা চেয়ারম্যান খান শামীমুর রহমান ওরফে ওসি খাঁ তাঁকে গুলি করেছেন। এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা নিচ্ছেন না।
লোহাগড়া থানার ওসি মামলা না নেওয়ায় গতকাল ফরহাদের পরিবারসহ স্বজনেরা শহরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ফরহাদ শিকদারের পক্ষে লিখিত অভিযোগ পাঠ করেন ইরান শেখ। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, লোহাগড়া থানার ওসি পঙ্গু ফরহাদ শিকদারের কাছে দুই লাখ টাকা উৎকোচ দাবি করেন। ইতিমধ্যে নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। কিন্তু অদ্যাবধি মামলা নেওয়া হয়নি। তাঁকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। সংবাদ সম্মেলনে লোহাগড়া থানার ওসির অপসারণের দাবি করা হয়।
লোহাগড়া থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘এসব কথা সব মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।’