ওসির আক্রোশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহীন মণ্ডলের বিরুদ্ধে এক তরুণকে ধরে নিয়ে থানায় অমানুষিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার আবুল কাশেম নামের ওই তরুণকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল হাসপাতালে গেলে কাশেম এই প্রতিনিধিকে বলেন, ‘কিছুদিন আগে ওসি শাহীন মণ্ডল আমার করা মামলার এক আসামিকে ছেড়ে দেন। এ কারণে আমি ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করি। তাই প্রতিহিংসাবশত আটক করে থানায় নিয়ে ওসিসহ কয়েকজন এসআই মিলে বুট দিয়ে আমাকে পাড়ায় এবং লাঠি দিয়ে অমানবিকভাবে শরীরের সব জায়গায় আঘাত করে।’কাশেম ও তাঁর পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাত আটটার দিকে কালকিনি মাছ বাজারের কাছ থেকে পৌর এলাকার চর ঠেঙ্গামারা গ্রামের আবুল কাশেমকে (৩৫) কোনো মামলা ছাড়াই আটক করে কালকিনি থানায় নিয়ে যান উপপরিদর্শক (এসআই) নূর হোসেন। থানায় ওসি শাহীন মণ্ডল, এসআই নূর হোসেন, ফায়েকুজ্জামান ও আশফাকুজ্জামান মিলে তাঁকে বুট দিয়ে আঘাত করেন এবং লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটান। এতে অসুস্থ হয়ে পড়লে রাত সাড়ে ১১টার দিকে কাশেমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু কাশেমের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরে তাঁকে ছেড়ে দেয়। দুপুর সোয়া ১২টার দিকে স্বজনেরা কাশেমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ওই সময় কর্তব্যরত ডাক্তার অপূর্ব মল্লিক জানান, ‘কাশেমের শরীরে আঘাতের অনেক চিহ্ন রয়েছে। পুলিশ সোমবার রাত সাড়ে ১১টার দিকে কাশেমকে নিয়ে এলে তাঁকে ভর্তি করতে বলেছিলাম। কিন্তু পুলিশ প্রাথমিক চিকিৎসার পর তাঁকে নিয়ে যায়।’ তবে কালকিনি থানার ওসি এ কে এম শাহীন মণ্ডল দাবি করেন, কাশেমকে নির্যাতন করা হয়নি। আটকের সময় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে তিনি আহত হয়েছেন। পুলিশ সুপার নজরুল হোসেন বলেন, ‘এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাশেমকে আটক করা হয়েছে। তবে নির্যাতন করা হয়েছে কি না, তা আমার জানা নেই।’