ওসির ঝুঁকিপূর্ণ বাসভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহু পুরোনো বাসাটি। সীমানাপ্রাচীর ভেঙে পড়েছে। টিনের চালা দিয়ে ঘরে পানি পড়ে। পরিবারের সদস্যদের নিয়ে থাকার উপায় নেই। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে থানা কম্পাউন্ডের এ সরকারি বাসভবনে একাই থাকেন দিনাজপুরের ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত¦কর্মকর্তা (ওসি)।
ফুলবাড়ী থানায় ৩ সেপ্টেম্বর গিয়ে দেখা যায়, ভবনের পশ্চিম দিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াও তিন কর্মকর্তার মোট চারটি বাসা। সব কটির জীর্ণদশা। কুকুর-বিড়াল, গরু-ছাগল বিচরণ করছে। কেন এই দুরবস্থা? জানতে চাইলে থানার একজন কনস্টেবল বললেন, যা দেখছেন, এসব প্রাণী তো অনেক ভালো। থানার আবাসিক এলাকায় সাপ, বেজি, শিয়ালসহ নানা ধরনের পোকামাকড়ের অবাধ বসবাস ও বিচরণক্ষেত্র।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, গত ৫ মে নেপালে ভূমিকম্পের প্রভাব পড়ে বাংলাদেশেও। সেদিনই ফুলবাড়ী থানার চারটি আবাসিক ভবনে ফাটল দেখা দেয়। এরপর গত জুলাই মাসে প্রচণ্ড ঝড়বৃষ্টিতে ওসির আবাসিক ভবনের সীমানাপ্রাচীরটি ভেঙে পড়ে। এরপর থেকে পুরো বাসভবনটি অরক্ষিতই রয়ে গেছে।
ওসি মোস্তাক আহম্মেদ বলেন, কেবল তাঁর কোয়ার্টারই নয়, থানার অন্য তিন কর্মকর্তার আবাসস্থলেরও একই হাল। কর্মকর্তারা কেউ থানার আবাসিক এলাকায় থাকতে পারেন না। বাইরে ভাড়া বাসায় থাকেন। কিন্তু ওসির থানা কম্পাউন্ডের বাইরে ভাড়া বাসায় থাকার সুযোগ না থাকায় পরিবার-পরিজন অন্যত্র রেখে কষ্ট করে হলেও তিনি এই বাড়িতে একাই বসবাস করছেন। তিনি আরও বলেন, টিনশেডের দুটি ঘর নিয়ে তাঁর বাসভবন। কিন্তু ঘরের চালায় অনেক ফুটো। বৃষ্টি হলেই ঘরে পানি পড়ে। বাধ্য হয়ে কেবল শোবার খাট যেখানে, তার ওপরের টিনে মোটা পলিথিন দিয়ে পানি পড়া রোধ করা হয়েছে।