নোয়াখালীর মুক্তিযোদ্ধা দুলাল মিয়ার লাশ দাফনের সময় রাষ্ট্রীয় মর্যাদা না দেওয়ার ঘটনায় সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শিপু বড়ুয়ার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব রশীদের নেতৃত্বাধীন তিন সদস্যের তদন্ত কমিটি গতকাল শুক্রবার পুলিশ সুপারের (এসপি) কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।তদন্তে দুই কর্মকর্তার দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাযারী।গত সোমবার নোয়াখালী শহরের উত্তর সোনাপুর এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা দুলাল মিয়া ইন্তেকাল করেন। তাঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বারবার অনুরোধ জানানো হয়। কিন্তু পুলিশ সময়মতো উপস্থিত না হওয়ায় রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই দুলাল মিয়ার লাশ দাফন করা হয়।মুক্তিযোদ্ধার প্রতি পুলিশের এই অসম্মানের খবর পরদিন বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক পুলিশ সুপারকে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।পুলিশ সুপার জানান, তদন্ত প্রতিবেদন আজ শনিবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে পাঠানো হবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।