চট্টগ্রামে ইউনাইটেড হোটেল ও হোটেলমালিকের বাসায় ভাঙচুরের সময় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দায়িত্বে অবহেলা করেছেন বলে অভিযোগ করেছে হোটেল কর্তৃপক্ষ। ওসির নির্লিপ্ততার সুযোগে সন্ত্রাসীরা হোটেল-বাসায় ভাঙচুর ও লুটপাট চালায়। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে হোটেল কর্তৃপক্ষ এ অভিযোগ করে। হোটেলমালিক বদিউর রহমানের মেয়ে ফারজানা রহমান লিখিত বক্তব্যে অভিযোগ করেন, ‘ঘটনার সময় ওসি সাখাওয়াত নির্বিকার ছিলেন। এ সুযোগে আমাদের বাসা ও হোটেলে সন্ত্রাসীরা ছয় ঘণ্টা ধরে হামলা-ভাঙচুর চালায়। ওসির সামনেই সন্ত্রাসীরা আমাদের সঙ্গে চরম দুর্ব্যবহারসহ মারধর করে। পরে নগর পুলিশের উপকমিশনার বনজকুমার মজুমদার ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে গ্রেপ্তার করলে আমরা কিছুটা নিরাপদ বোধ করি।’গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত নগরের নন্দনকাননের ইউনাইটেড হোটেল ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালি থানায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছে। ঘটনার দিন হোটেল কর্তৃপক্ষ ওসির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ করেছিল। ওসি সাখাওয়াত হোসেন অবশ্য অভিযোগ অস্বীকার করেন। দুটি মামলার তদন্ত কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন বলেন, ‘আমরা ঘটনার তদন্ত করছি। আসামিদের ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে তাদের রিমান্ড চেয়েছিলাম। আদালত তা মঞ্জুর করেননি।’