ওসির পা ভেঙে দেওয়া সেই শিবির নেতা জেলহাজতে
রাজশাহী নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ওপর হামলা চালিয়ে পা ভেঙে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামি আবদুল্লাহ আল মামুন ও তাঁর এক সহযোগীকে জেলহাজতে পাঠানো হয়েছে। রাজশাহী মহানগর হাকিম আদালত-৩-এর বিচারক শারমিন আক্তার গতকাল মঙ্গলবার তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, ওই শিবির নেতার নাম আবদুল্লাহ আল মামুন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের অর্থ সম্পাদক। গত রোববার বিকেলে নগরের মেহেরচণ্ডী এলাকায় গোপন বৈঠক করার সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ মামুনের সহযোগী কাউসারকে গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, মামুনের বিরুদ্ধে মতিহার থানায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলাসহ দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটির অভিযোগপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া বোয়ালিয়া থানায় তাঁর নামে আরও তিনটি মামলা রয়েছে। শিবিরকর্মী কাউসারের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। বন্দুক কেড়ে নিয়ে ওসির পা ভেঙে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় মামুন ও কাউসারকে সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতের বিচারক শারমিন আক্তার পরবর্তী সময়ে রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।