ওসির প্রত্যাহার ও বদলি নাটক!
নোয়াখালী শহরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভ-ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা চলাকালে কর্তব্যকাজে অবহেলার অভিযোগে সুধারাম থানার ওসিকে প্রত্যাহার ও বদলি নিয়ে নাটকের সৃষ্টি হয়। জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার শহরে গোলযোগের ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে শুক্রবার বেলা তিনটার দিকে পুলিশ সদর দপ্তর ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদারকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। একই আদেশে সুবর্ণচরের চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম চৌধুরীকে সুধারাম থানায় বদলি করা হয়। এরপর ক্ষমতাসীন দলের একটি অংশ ওসি মোশারফ হোসেনকে নিজ পদে বহাল কিংবা জেলার মধ্যে কোনো থানায় দায়িত্ব দেওয়ার পক্ষে উচ্চপর্যায়ের বিভিন্ন স্তরে তদবির করতে থাকে। যার পরিপ্রক্ষিতে সন্ধ্যায় ডিআইজির নির্দেশে ওসি মোশারফ হোসেনকে প্রত্যাহারের আদেশ বাতিল করে তাঁকে চরজব্বার থানার ওসি হিসেবে বদলি করা হয়। ওই আদেশ পেয়ে তিনি (মোশারফ হোসেন) সন্ধ্যার পর চরজব্বার থানায়ও যান। ওসি মোশারফকে চরজব্বার থানায় দায়িত্ব দেওয়ার খবর মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে ক্ষমতাসীন দলে তাঁর বিরোধীদের মধ্যে। তাঁরাও এবার তৎপর হয়ে ওঠেন মোশারফকে জেলার বাইরে বদলি করতে। এ ক্ষেত্রে সরকারের উচ্চমহলের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন এক ব্যক্তি বিশেষ ভূমিকা পালন করেন। শেষে রাত ১০টার পর স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ডিআইজি নওশের আলী ওসি মোশারফকে খাগড়াছড়ি জেলায় তাৎক্ষণিক (স্ট্যান্ড রিলিজ) বদলির আদেশ দেন। গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে নোয়াখালীর পুলিশ সুপার তাঁর ছাড়পত্রে (রিলিজ অর্ডার) স্বাক্ষর করেন বলে জানা গেছে। পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাযারী ওসি মোশারফ প্রথম আলোকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন যে আদেশ দিয়েছেন, আমি তাৎক্ষণিক সে আদেশ কার্যকর করেছি।’