ওসির প্রত্যাহার দাবি আ.লীগের পরাজিত চেয়ারম্যান প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকারের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ এনে তাঁকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম বাহারুল ইসলাম।

গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘কয়রা থানার ওসির পক্ষপাতিত্বমূলক আচরণের কারণে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী চেয়ারম্যান শফিকুল ইসলামের পক্ষে ব্যাপক জাল ভোট পড়ে।আর তাঁর নেতা-কর্মীদের মারধর করা হয়। শফিকুল ইসলাম নির্বাচনের পরদিন ২৩ মার্চ ওসির সমর্থনে পুলিশের সামনেই আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর, আমিসহ নেতা-কর্মীদের ওপর হামলা চালান।’

অভিযোগ অস্বীকার করে ওসি হরেন্দ্র নাথ সরকার বলেন, ‘ছাত্রলীগের নতুন কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের কারণে সংঘর্ষ হয় ২৩ মার্চ। ছাত্রলীগের দুই পক্ষের দ্বন্দ্বের জের ধরেই সংঘর্ষ হয়। খবর পাওয়া মাত্র আমি ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নিই। আর এতেই বাহারুল আমার বিরুদ্ধে ক্ষেপে যান এবং অপপ্রচার চালানো শুরু করেন।’