ওসির বদলি ঠেকাতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বদলি ঠেকাতে থানার দালাল চক্র সড়ক অবরোধ করেছে।
গতকাল শুক্রবার দুপুরে উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে উপজেলার বারৈয়ারহাট এলাকার বাসিন্দা থানার নিয়মিত দালাল চক্রের সদস্য মো. হালিমের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের আন্ডা মার্কেট এলাকা অবরোধ করে। ব্যানার-েফস্টুনসহ ‘ওসির বদলি কেন, জবাব চাই-জবাব চাই’ স্লোগান দিতে থাকে। আধা ঘণ্টা ধরে মহাসড়কটি একপ্রকার অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান ভূঁইয়া ঘটনাস্থলে আসেন। তাঁরা ধাওয়া দিলে দালাল চক্রের সদস্যরা দ্রুত সটকে পড়েন।
স্থানীয় বাসিন্দা মো. জয়নাল আবেদিন বলেন, অবরোধকারীরা কেউ স্থানীয় নন। নেতৃত্বদানকারী থানার একজন চিহ্নিত দালাল। তাঁর বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের একাধিক অভিযোগ থাকলেও রহস্যজনক কারণে তিনি সব সময় ধরাছোঁয়ার বাইরে থাকেন।
মুক্তিযোদ্ধা খায়রুল বশর বলেন, ওসিসহ থানার কর্মকর্তাদের সঙ্গে এ দালাল চক্রের যোগসাজশ রয়েছে। তাই ওসির বদলি ঠেকাতে তারা বেপরোয়া হয়ে উঠেছে।
থানার ওসি শাহজাহান ভূঁইয়া এ ব্যাপারে বলেন, ‘দালালদের এসব কর্মকাণ্ডের সঙ্গে আমি জড়িত নই, কখনো ছিলাম না। বদলি করা বা ঠেকানোর বিষয়ে আমি কিছু জানি না।’ ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, কাউকে বদলি বা বদলি ঠেকানোর জন্য মহাসড়ক অবরোধ করার অধিকার কারও নেই। বদলি ঠেকাতে চাইলে যথাযথ কর্তৃপক্ষের সহযোগিতা নেওয়া যেতে পারে।
পুলিশ সদর দপ্তরের এক আদেশে বর্তমান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান ভূঁইয়াকে সিএমপিতে বদলি করা হয়েছে।