ওসির বদলি বাতিলে থানা ঘেরাও, সন্ত্রাসীরাও অংশ নিয়েছে!
চট্টগ্রামের বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তীর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে থানা ভবন ঘেরাও করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ঘেরাও কর্মসূচি চলে। এ কর্মসূচিতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসীরাও অংশ নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল থানা ভবনে গিয়ে প্রায় ২০০ লোককে থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে এবং বর্তমান ওসির বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানাতে দেখা গেছে। কর্মসূচি চলাকালে ওসির কক্ষে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে পুলিশের সন্ত্রাসী তালিকাভুক্ত ব্যক্তিকে অবস্থান করতে দেখা গেছে।সরেজমিন ঘুরে দেখা গেছে, ওসির কক্ষে বায়েজিদ থানা আওয়ামী লীগের সহসভাপতি আবদুন নবী (হাজি লেদু), থানা আওয়ামী লীগের সদস্য আবদুল কুদ্দুস ওরফে কানা কুদ্দুস, যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান ওরফে লিটন, নাজিম উদ্দিনসহ ১০-১২ জন অবস্থান করছিলেন। পুলিশের সন্ত্রাসী তালিকায় তাঁদের মধ্যে কয়েকজনের নাম আছে বলে জানা গেছে।পুলিশ সূত্র জানায়, গত রোববার বায়েজিদ থানার বর্তমান ওসি উত্তম কুমার চক্রবর্তীকে নগর গোয়েন্দা শাখা পুলিশে বদলি করা হয়। তাঁর স্থলাভিষিক্ত করা হয় পুলিশ পরিদর্শক সাইদুল ইসলামকে। পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, প্রশাসনিক দুর্বলতা ও কিছু সন্ত্রাসীর সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে ওসি উত্তমকে বদলি করা হয়। তাঁকে সরিয়ে দিতে স্থানীয় সাংসদ মঈন উদ্দীন খান বাদলও ইতিপূর্বে মন্ত্রণালয়ে চিঠি পাঠান বলে জানা গেছে।পুলিশের উপকমিশনার (উত্তর) মিরাজউদ্দিন আহমেদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘এই আদেশ প্রত্যাহার করা সম্ভব নয় বলে আমি থানায় আসা লোকজনকে জানিয়ে দিই। পরে বেলা আড়াইটায় সবাই থানা থেকে চলে যায়।’বায়েজিদ থানার সাবেক ওসি ও বর্তমানে কোতোয়ালি থানার ওসি এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আবদুন নবী ভূমিদস্যু। তাঁর বিরুদ্ধে অনেক মামলা আছে। একইভাবে আবদুল কুদ্দুস ওরফে কানা কুদ্দুসের বিরুদ্ধেও মামলা আছে। আমার মেয়াদে তাঁদের থানা ভবনের কাছে ঘেঁষতে দিইনি।’থানা ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া আবদুন নবী প্রথম আলোকে বলেন, ‘উত্তম কুমার খুব ভালো পুলিশ কর্মকর্তা। তাঁর কাছে সাধারণ মানুষ ন্যায়বিচার পেয়ে আসছেন। একইভাবে ওসি সাহেব ভূমিদস্যুদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেন। এ কারণে একটি চক্রের মদদে ভালো ওসিকে সরিয়ে দেওয়া হয়। তাই আমরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও করি, যাতে ওসির বদলির আদেশ প্রত্যাহার করা হয়।’