ওসির বিরুদ্ধে আদালতে মামলা তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে আইনজীবী রইশ উদ্দীনকে মারধরের অভিযোগে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আলী আওয়াল বাউল বাদী হয়ে আমলি আদালত ‘ক’ অঞ্চলে মামলাটি দায়ের করেন। মামলা আমলে নিয়ে বিচারিক হাকিম বুলবুল হোসেন বিচার বিভাগীয় তদন্তের আদেশ দিয়েছেন।
মামলার আরজিতে বলা হয়, গত বুধবার সকালে জেলা ও দায়রা জজ এবং সরকারি কৌঁসুলির পরামর্শে সদর থানায় মানব পাচারসংক্রান্ত বিষয়ে মামলা করতে যান রইশ উদ্দীন। এ সময় সদর থানার ওসি জসীম উদ্দীন তাঁকে গালাগাল করেন। এর প্রতিবাদ করায় তাঁকে বেদম মারধর করে থানাহাজতে আটকে রাখেন ওসি।
এর আগে সকালে ওসি জসীম উদ্দীনের বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। আদালত চত্বরে এ কর্মসূচির আয়োজন করে জেলা আইনজীবী সমিতি। প্রায় এক ঘণ্টা চলা মানববন্ধনে বক্তব্য দেন আইনজীবী সমিতির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আলী আওয়াল, আইনজীবী সাইফুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, আইনজীবীদের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই ওসিকে সাময়িক বরখাস্ত ও প্রত্যাহার করতে হবে। অন্যথায় আইনজীবী সমিতি আরও কঠোর কর্মসূচি দেবে।
এ ব্যাপারে পুলিশ সুপার বশির আহম্মদ জানান, বিভিন্ন মাধ্যমে ঘটনাটি জেনে বুধবার রাতেই অতিরিক্ত পুলিশ সুপার আল মামুনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।