ওসির বিরুদ্ধে উৎকোচ নেওয়ার অভিযোগ কাউন্সিলরের
চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে এক লাখ টাকা উৎকোচ নেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় এক সরকারদলীয় কাউন্সিলর। গত সোমবার সন্ধ্যায় উপজেলা সদরে হজযাত্রীদের জন্য অস্থায়ীভাবে নির্মিত কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওসি সুব্রত ব্যানার্জি।ফরিদগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হাসিম সংবাদ সম্মেলনে বলেন, তাঁর কেনা ৭ শতাংশ সম্পত্তির দখল নিয়ে গত ছয়-সাত মাস থেকে বিরোধ চলছিল। একপর্যায়ে তাঁর প্রতিপক্ষ আলমগীর হোসেন আদালতে একটি মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেওয়ার জন্য ওসিকে অনুরোধ করা হয়। আর এ জন্য গত ৫ সেপ্টেম্বর বিকেলে তিনি ওসির বাসভবনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওয়াহিদুর রহমানের উপস্থিতিতে তাঁর (ওসি) হাতে এক লাখ টাকা তুলে দেন। কিন্তু পরবর্তীকালে তাঁর প্রতিপক্ষের কাছ থেকে আরও বেশি উৎকোচ পেয়ে প্রতিপক্ষের অনুকূলে আদালতে প্রতিবেদন পেশ করেন ওসি। ফরিদগঞ্জ থানার ওসি সুব্রত ব্যানার্জি বলেন, ‘কাউন্সিলর আবুল হাশেম আমাকে এক লাখ টাকা উৎকোচ দেওয়ার কোনো প্রমাণ দেখাতে পারবেন না। আর টাকা নিলে আমি আবুল হাশেমের পক্ষে প্রতিবেদন না দিয়ে আদালতে নিরপেক্ষ প্রতিবেদন দেওয়ার কথা নয়।’