ওসির বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আবেদন বাদীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা থেকে ক্লোজড (প্রত্যাহার) হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে মারধর ও নির্যাতনের অভিযোগে করা মামলা প্রত্যাহারের আবেদন করা হয়েছে।
গতকাল রোববার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলমের আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন বাদী আবদুর রহিম। তবে এ বিষয়ে কোনো আদেশ দেননি আদালত।
বাদী আবদুর রহিম ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক পরিবেশবিষয়ক উপসম্পাদক।
বাদীর আইনজীবী বিপ্লব কুমার দাশ প্রথম আলোকে বলেন, নগর আওয়ামী লীগের এক নেতার বাসায় গত শুক্রবার রাতে বাদী ও আসামির মধ্যে সমঝোতা হয়। উভয়ের ভুল-বোঝাবুঝির কারণে এ ঘটনার সূত্রপাত হয়। তাই বিষয়টি ভুল-বোঝাবুঝি উল্লেখ করে মামলাটি প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করা হয়েছে।
বাদী আবদুর রহিমও মামলাটি প্রত্যাহারের আবেদন করার কথা স্বীকার করেন।
গত বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলমের আদালতে ওসি মাঈনুলসহ চারজনের বিরুদ্ধে মারধর ও নির্যাতনের অভিযোগে মামলা করেন আবদুর রহিম। আদালত পুলিশ কমিশনারকে মামলাটি গ্রহণ করা এবং সহকারী পুলিশ কমিশনারকে (কোতোয়ালি অঞ্চল) তদন্তের নির্দেশ দেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় মাঈনুল ইসলামকে সদরঘাট থানার ওসির দায়িত্ব থেকে সরিয়ে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করার আদেশ দেন নগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল।