নরসিংদীর শিবপুর মডেল থানার একটি কক্ষ থেকে হাজতি মহসীন মিয়ার লাশ উদ্ধারের ঘটনায় পুলিশের তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছে। গত শুক্রবার পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিনের কাছে প্রতিবেদন দাখিল করেন কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোখলেসুর রহমান। তদন্তে থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামানের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার ও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে প্রশাসনিক কাজে গাফিলতির অভিযোগ উঠেছে।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, মহসীনের মৃত্যুর ঘটনায় থানার পুলিশের কোনো অবহেলা ছিল কি না, তা বের করতে সোমবার রাতে মোখলেসুরকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেন জেলা পুলিশ সুপার। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও তারা পর দিন শুক্রবার রাতে প্রতিবেদন জমা দেয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাড়ৈগাঁও এলাকার এভারেস্ট কেব্ল ইন্ডাস্ট্রিজে ডাকাতির ঘটনায় নৈশপ্রহরীদের জবানবন্দি অনুযায়ী ১ ফেব্রুয়ারি মহসীনকে আটক করা হয়। রোববার রাতে জিজ্ঞাসাবাদের জন্য মহসীনকে হাজতখানা থেকে থানার নতুন ভবনের আসামি রাখার কক্ষে নিয়ে যান পরিদর্শক মনিরুজ্জামান। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে কক্ষের দক্ষিণ-পশ্চিম পাশের জানালায় লোহার গ্রিলের সঙ্গে মহসীনের এক হাতে হাতকড়া পরিয়ে চলে যান তিনি। ওই সময় কক্ষে পুলিশ সদস্য হানিফ মিয়া অবস্থান করলেও তাঁকে মহসীনকে দেখভালের জন্য সুনির্দিষ্টভাবে দায়িত্ব না দিয়ে তিনি অবহেলা করেছেন। অন্যদিকে ওসি হিসেবে মিজানুর রহমান থানার প্রশাসনিক সব কাজকর্মের খোঁজ করবেন। কিন্তু তিনি তা না করে দায়িত্বে অবহেলা করেছেন।
এ ব্যাপারে পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন বলেন, ‘তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি। তা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
মহসীন বাড়ৈগাঁও এলাকার সুলতান উদ্দিনের ছেলে। গত সোমবার থানার একটি কক্ষের জানালার গ্রিলে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশ দাবি করছে, মহসীন আত্মহত্যা করেছেন। মহসীনের পরিবার বলছে, তাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা সমঝোতা করতে গতকাল শনিবার পর্যন্ত সময় নেন বলে জানা গেছে। তবে গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোনো সমঝোতা হয়নি।