ওসির বিরুদ্ধে কলেজছাত্রী ও তাঁর বন্ধুর জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জি এম মিজানুর রহমানের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলায় কলেজছাত্রী ও তাঁর বন্ধু আদালতে জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার চট্টগ্রাম মহানগর হাকিম হুসাইন মুহাম্মদ ফজলুল বারীর আদালতে ২২ ধারায় এ জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দিতে কলেজছাত্রী সেদিনের ঘটনার পূর্ণ বিবরণ দেন। চার পৃষ্ঠার জবানবন্দিতে তিনি বলেন, ‘১২ জুলাই বিকেলে ফয়’স লেকে যাওয়ার পথে মিজানুর রহমান নিজেকে সহকারী কমিশনার (এসি) ইকবাল পরিচয় দিয়ে আমাদের রিকশার গতিরোধ করেন। পরে আমি ও আমার বন্ধুকে ফয়’স লেক আনসার ক্যাম্পের পাশে একটি কক্ষে নিয়ে তিনি ভয়ভীতি দেখান ও কান ধরে ওঠবস করান। পরে তাঁদের কাছ থেকে নিজেরা স্বামী-স্ত্রী—এই মর্মে দুটি কাগজে স্বাক্ষর নেওয়া হয়। এ সময় নিচে পুলিশের ফোর্স দাঁড়িয়ে আছে বলে তিনি হুমকি দেন।’ভুক্তভোগী ছাত্রী বলেন, এরপর রাত ১০টার দিকে ওসি মিজান তাঁদের দুজনকে তাঁর ব্যক্তিগত গাড়িতে করে চকবাজারের হোটেল আল আকাবায় নিয়ে আসেন। সেখানে দুটি পৃথক কক্ষে দুজনকে আটকে রেখে মিজান রাতে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে তিনি বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে জানালার কাচ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।কলেজছাত্রীর বন্ধুর জবানবন্দিটি তিন পৃষ্ঠার। জবানবন্দিতে দুজনই জানান, ফয়’স লেকে রিকশার গতিরোধের পর ভয়ভীতি দেখিয়ে তাঁদের দুজনের মুঠোফোন ছিনিয়ে নেন পরিদর্শক মিজান। ফলে তাঁরা কারও সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি। এ ঘটনায় আল আকাবা হোটেলের ব্যবস্থাপকসহ এক কর্মী জড়িত।