ওসির বিরুদ্ধে ঘুষ নিয়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গত মঙ্গলবার ঘুষ নিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ছেড়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।মামলা সূত্রে জানা গেছে, ২০০৫ সালে ডাসার থানার অধীন কাজিবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া গ্রামের আজিজ হাওলাদারের মেয়ে ছালমা আক্তারের সঙ্গে একই গ্রামের নিজাম উদ্দিন হাওলাদারের ছেলে মনির হাওলাদারের বিয়ে হয়। ছয় বছর পর মনির আরেকটি বিয়ে করেন। এর পর থেকে মনির যৌতুকের জন্য ছালমাকে নির্যাতন করে আসছিলেন। একপর্যায়ে ২০১২ সালের ১১ জুন ছালমা মাদারীপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেন। এরপর মনির বিষয়টি মীমাংসার কথা বলে ছালমাকে বাড়িতে নিয়ে যান। কয়েক দিন পর তিনি আবারও ছালমাকে নির্যাতন শুরু করেন। এরপর ছালমা গত ২২ ফেব্রুয়ারি মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে আরও একটি মামলা করেন। মামলায় মনির ও তাঁর ভাই এনায়েত হাওলাদারসহ আটজনকে আসামি করা হয়। ২৬ মে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।বাদী ছালমা অভিযোগ করেন, গত মঙ্গলবার পুলিশ আসামি এনায়েতকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ওই দিন রাতে ওসি আসামিপক্ষের লোকজনের কাছ থেকে ঘুষ নিয়ে এনায়েতকে ছেড়ে দেন। ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে ওসি এ কে এম শাহীন মণ্ডল বলেন, ‘এনায়েতকে আটক করা হয়েছিল ঠিকই। তবে থানায় তাঁর বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছিল না বলে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।’