ওসির বিরুদ্ধে জাল টাকার কারবারের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জিআরপি থানার ওসির বিরুদ্ধে জাল টাকার কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। ওসির সঙ্গে যোগসাজশ করে একটি চক্র সান্তাহার জংশন শহরে বেশ কিছুদিন ধরে এই ব্যবসা করে আসছে বলে এলাকাবাসীর অভিযোগ। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার ফজলু নামের এক ব্যক্তি সান্তাহার শহরের হোটেল স্টারে এক হাজার টাকার একটি নোট ভাঙাতে যান। নোটটি দেখে হোটেলের মালিক সোহেলের সন্দেহ হলে ফজলুকে আটকে রাখেন। তখন ফজলু জানান, জিআরপি থানার ওসি তাঁকে নোটটি ভাঙানোর জন্য হোটেলে পাঠিয়েছেন। এ সময় তিনি ওসিকে ফোন করে তাঁকে আটকে রাখার বিষয়টি জানান। ওসি তৎক্ষণাৎ হোটেলে চলে আসেন এবং ফজলুকে নিজের লোক দাবি করে জোর করে ছাড়িয়ে নেন। পরে হোটেলের মালিক বিষয়টি স্থানীয় ব্যবসায়ীসহ সাংবাদিকদের জানান। অভিযোগ অস্বীকার করে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, অন্ধকারের মধ্যে কেউ তাঁকে নোটটি দিয়ে যাওয়ায় তিনি সেটি আসল না নকল চিনতে পারেননি।নাম প্রকাশে অনিচ্ছুক স্টেশন এলাকার একাধিক ব্যবসায়ী বলেন, ফজলু পুলিশের কোনো সদস্য না হলেও তিনি সার্বক্ষণিক সান্তাহার জিআরপি থানায় অবস্থান করেন। এর আগেও তিনি বেশ কয়েকবার বিভিন্ন দোকান থেকে টাকা ভাঙিয়ে নিয়েছেন। কিন্তু বিষয়টি কেউ বুঝতে পারেনি। ঘটনার পর থেকে ফজলুকে আর এলাকায় দেখা যাচ্ছে না।