ওসির বিরুদ্ধে ধর্ষণসহ দুই মামলা
কক্সবাজারের পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে আদালতে পৃথক দুটি মামলা করা হয়েছে। একজন বিধবা নারীকে ধর্ষণ এবং অপর এক ব্যক্তির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মামলা দুটি করা হয়।
পুলিশ ও আদালত সূত্র জানায়, ১৪ জুলাই কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে হাজির হয়ে ওসি হাবিবুর রহমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলাটি করেন পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের চৈরভাঙ্গা গ্রামের এক বিধবা নারী।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তিনি (বাদী) আসামিদের বিরুদ্ধে মামলা করতে ১০ জুলাই সকাল ১০টায় পেকুয়া থানায় যান। এ সময় থানার ডিউটি অফিসার (নাম উল্লেখ নেই) তাঁকে বলেন, ওসি স্যার নেই, রাত ১০টার সময় সরকারি বাসায় গিয়ে ওসি স্যারের সঙ্গে দেখা করেন। কথামতো ওই সময় বাসায় গেলে একজন সেপাই বাদীকে দ্বিতীয় তলায় ওসির শয়নকক্ষে নিয়ে যান। সেখানে ওসি লিখিত এজাহারটি পড়ে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দেন। কিছুক্ষণ পর ওসি ধর্ষণের চেষ্টা করেন। এ সময় বাদী চিৎকার দিলে ওসি বালিশের নিচ থেকে পিস্তল বের করে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরের দিন থানায় ধর্ষণ মামলা করতে গেলে ডিউটি অফিসার বলেন, ওসির বিরুদ্ধে থানায় মামলা নেওয়া সম্ভব নয়, আদালতে যান।
আদালতের বিচারক ও জেলা জজ মো. সাজেদুল করিম মামলাটি আমলে নিয়ে সাত কার্যদিবসের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদকে নির্দেশ দিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশমতে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার তদন্তের জন্য আজ শনিবার তিনি পেকুয়া যাচ্ছেন।
এদিকে ১৬ জুলাই কক্সবাজার সিনিয়র স্পেশাল জজ আদালতে ওসি হাবিবুর রহমানের বিরুদ্ধে ঘুষের আরেকটি মামলা করেন একই উপজেলার মগনামা ইউনিয়নের মটকাভাঙ্গা গ্রামের লবণ ব্যবসায়ী আব্বাছ উদ্দিন।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ৫ জুলাই ওসি হাবিবুর রহমান তাঁকে মুঠোফোনে বলেন, মঞ্জুর আলম নামের স্থানীয় এক ব্যক্তি তাঁর (আব্বাস) বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগ থেকে রক্ষা পেতে হলে দুই লাখ টাকা ঘুষ দিতে হবে। এতে অপারগতা প্রকাশ করলে ওসি পরের দিন বিকেল পাঁচটার মধ্যে এক লাখ এবং বািক এক লাখ এক সপ্তাহ পর পৌঁছে দিতে বলেন। অন্যথায় মামলার আসািম করে জেলে পাঠানোর হুমকি দেন।
পরের দিন বিকেল পাঁচটায় পেকুয়া থানায় ওসির সরকারি বাসভবনে গিয়ে তিনি ঘুষের ৫০ হাজার টাকা তুলে দেন এবং আর কোনো টাকা দিতে পারবেন না জানালে ওসি ক্ষিপ্ত হয়ে বলেন, সাত দিনের মধ্যে অবশিষ্ট দেড় লাখ টাকা চাই, নইলে জেলে পাঠানো হবে।
ধর্ষণ ও ঘুষ দািব প্রসঙ্গে জানতে চাইলে ওসি মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মামলার নামে যা হচ্ছে, সবই নাটক। সন্ত্রাস ও দুর্নীতি নির্মূলে কাজ করতে গিয়ে এলাকার কিছু প্রভাবশালী আমার বিরুদ্ধে ক্ষেপেছে। তারাই পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে আমাকে সামাজিকভাবে হয়রািন করছে। এসব মামলা যে মিথ্যা, তা তদন্তে প্রমাণিত হবে।’