ওসির বিরুদ্ধে নির্বাচন কমিশনের তদন্ত আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের বিরুদ্ধে উপজেলা নির্বাচনে পক্ষপাতিত্ব ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ তদন্ত করছে নির্বাচন কমিশন সচিবালয়। আজ বৃহস্পতিবার বিকেল চারটায় নাঙ্গলকোট ডাকবাংলোয় শুনানিতে উপস্থিত হয়ে তাঁকে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।
নাঙ্গলকোটের এক চেয়ারম্যান পদপ্রার্থী, দুই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও একজন ভোটার নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ করায় ওই তদন্ত হচ্ছে। কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। ১৫ মার্চ এ উপজেলায় ভোট গ্রহণ হবে। নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর থেকে ওসি মো. নজরুল ইসলাম আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সামছুদ্দিনের পক্ষে প্রকাশ্যে কাজ করছেন বলে অভিযোগ রয়েছে। তিনি বিভিন্ন এলাকার ভোটার ও প্রার্থীদের হুমকি দিচ্ছেন। এ অবস্থায় আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী নাজমুল হাসান বাছির ভূঁইয়া ওই ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। পরে তিনি, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এস এম মহিউদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রোকেয়া আক্তার ও উপজেলার টেলপি গ্রামের ভোটার মোরশেদ আলম প্রধান নির্বাচন কমিশনারের কাছে তাঁকে নাঙ্গলকোট থেকে প্রত্যাহারের দাবি জানান।