ওসির বিরুদ্ধে বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলায় স্কুলশিক্ষক মো. ফরিদ জমাদ্দার হত্যা মামলার বাদী ও তাঁর পরিবারকে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার গৌরনদী থানায় এ ঘটনা ঘটে।গত ২২ সেপ্টেম্বর সকালে উপজেলার পিঙ্গলাকাঠি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদকে বিদ্যালয়ে যাওয়ার পথে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ওই দিনই শাহজালাল জমাদ্দার বাদী হয়ে গৌরনদী থানায় নয়ন শরীফ, কাজল হাওলাদারসহ ছয়জনকে আসামি করে হত্যা মামলা করেন। এ নিয়ে প্রথম আলোতে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়।মামলার তদন্ত কর্মকর্তা গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, এ হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া আবুল কালাম দুই দিনের রিমান্ডের শেষ দিন গতকাল শুক্রবার স্বীকারোক্তি দেয়। তার স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থলের পাশের ডোবা থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত চাকু উদ্ধার করা হয়।মামলার বাদী শাহজালাল জমাদ্দার বলেন, ‘বৃহস্পতিবার আবুল কালামকে জিজ্ঞাসাবাদের জন্য গৌরনদী থানায় আনা হয়। মিজানুর রহমান থানায় ডেকে পাঠালে ওই দিন বেলা তিনটায় আমি আমার মাকেসহ গৌরনদী থানার ওসির কক্ষে হাজির হই।’ফরিদের মা মমতাজ বেগম অভিযোগ করেন, ‘আবুল কালামের অসংগতিপূর্ণ স্বীকারোক্তি নিয়ে কথাবার্তার একপর্যায়ে ওসি নুরুল ইসলামকে আমি বলি, স্যার, ফরিদ হত্যাকাণ্ডে আবুল কালাম একাই জড়িত নয়। তার সঙ্গে এজাহারভুক্ত আসামি গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়ন শরীফ ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সহসভাপতি কাজল হাওলাদার জড়িত রয়েছে। এ কথা বলতেই ওসি সাহেব ক্ষিপ্ত হয়ে বলেন, “মামলা নিয়ে রাজনীতি শুরু করেছেন। দেখি, কী করতে পারেন। এ মামলায় কিছুই হবে না। আপনাদের মামলা আপনারা তদন্ত করে নিন”।’ওসি নুরুল ইসলাম মামলার বাদী ও তাঁর পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, মমতাজ বেগম ও শাহজালাল একাধিকবার আবুল কালাম আসল খুনি নয় বললে তাঁদের সঙ্গে উচ্চ স্বরে কিছুটা কথা হয়। নুরুল ইসলাম আরও জানান, আবুল কালাম একাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছে। এ কারণে নয়ন শরীফ ও কাজল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়নি।