ওসির বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ওসি হারুন-অর-রশিদের বিরুদ্ধে চিহ্নিত চাঁদাবাজদের পক্ষ নিয়ে ও মিথ্যা মামলা দিয়ে এক ব্যবসায়ীকে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে ওই ব্যবসায়ী গত রোববার স্বরাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরিদর্শকের (আইজি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে চর রমজান সোনাউল্লাহ-৬ বালুমহালের ইজারাদার আবু নাইম ইকবাল এই অভিযোগপত্র দেন। এতে তিনি উল্লেখ করেন, বেশ কিছু দিন ধরে একটি প্রভাবশালী চক্র চাঁদার দাবিতে তাঁর বালুমহালের কর্মচারীদের মারধর করে টাকা-পয়সা লুট করে নিয়ে যাচ্ছে। এ ব্যাপারে তিনি সোনারগাঁ থানায় পর পর দুটি লিখিত অভিযোগ দেন। কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযোগগুলো মামলা হিসেবে নথিভুক্ত করেননি। উল্টো ওসি চাঁদাবাজদের পক্ষ নিয়ে ১১ মে তিনি (নাইম) ও তাঁর ব্যবসায়িক অংশীদারের বিরুদ্ধে দুটি মামলা করেন। পুলিশি হয়রানির কারণে তিনি পালিয়ে বেড়াচ্ছেন।অভিযোগ অস্বীকার করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ প্রথম আলোকে বলেন, ‘আমি কাউকে হয়রানি করিনি। ওই ব্যবসায়ী মিথ্যা অভিযোগ দাখিল করেছেন। পুলিশ পুরো ঘটনা তদন্ত করছে। তদন্তে যে দোষী হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’