ওসির বিরুদ্ধে মানববন্ধন করতে গিয়ে ছাত্রলীগ নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণের দাবিতে মানববন্ধন করতে গিয়ে আটক হয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ওরফে আরমান৷ আটকের দুই ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেওয়া হয়৷
প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগের নেতা-কর্মীরা জানান, সদর থানার ওসি জসিম উদ্দীন টাকার বিনিময়ে আসািম ছেড়ে দেওয়া, জামায়াত-শিবিরের সঙ্গে সম্পর্ক রাখাসহ বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত৷ এসব কারণে তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয় জেলা ছাত্রলীগ। গতকাল রোববার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালনের কথা ছিল। কিন্তু এর আগেই ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নিয়ে ছাত্রলীগের কর্মী-সমর্থকদের বাধা দেয়। পরে সেখানে কর্মসূচি পালন করতে না পেরে ছাত্রলীগের নেতা-কর্মীরা বেলা ১১টার দিকে সবুজসংঘের মোড়ে অবস্থান নেন। সেখানেও পুলিশ তাঁদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউরকে ধরে থানায় নিয়ে যায় পুলিশ। এতে ছাত্রলীগের নেতা-কর্মীরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা শহরের হুজরাপুর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান, প্রচার সম্পাদক রহমতুল্লাহ প্রমুখ৷
বক্তারা বলেন, ওসি টাকার বিনিময়ে আসািম ছেড়ে দেন। এমনকি নাশকতার অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের কাছ থেকে টাকা নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে৷ পুলিশ বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়ে নিরীহ ছাত্রদের গ্রেপ্তার করছে। পরে অভিভাবকদের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করছে। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতিও খারাপ হয়েছে৷ বেড়ে গেছে ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। কিন্তু এগুলো নিয়ে পুলিশের কোনো তৎপরতা নেই৷
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই সমাবেশ চলার সময় সেখানেও পুলিশ হানা দেয়। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের বাগ্বিতণ্ডা হয়৷ একপর্যায়ে পুলিশের বিরুদ্ধে স্লোগান দেওয়ায় ছাত্রলীগের এক কর্মীকে আটক করা হয়। পরে বেলা একটার দিকে জিয়াউর ও ছাত্রলীগের ওই কর্মীকে ছেড়ে দেওয়া হয়৷
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মতিউর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এবং জনগণের জানমালের নিরাপত্তার কথা ভেবে তাঁদের মানববন্ধন করতে দেওয়া হয়নি। জিয়াউরকে আটকের ব্যাপারে তিনি বলেন, তাঁকে আটক করা হয়নি। উত্তেজনা প্রশমনের জন্য ধরে নিয়ে যাওয়া হয়েছে।
ছাত্রলীগের অভিযোগ অস্বীকার করে জসিম উদ্দীন বলেন, অবৈধ সুযোগ-সুবিধা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে ছাত্রলীগের কয়েকজন নেতা এসব অভিযোগ তুলছেন। ছাত্রলীগের এই অংশ জামায়াত-শিবিরের পক্ষ নিয়ে পুলিশকে বিব্রত করার চেষ্টা করছে।