ওসির বিরুদ্ধে মামলা করে এবার প্রত্যাহারের আবেদন
চট্টগ্রাম নগরের সদরঘাট থানা থেকে ক্লোজড (প্রত্যাহার) হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে মারধর ও নির্যাতনের অভিযোগে করা মামলা প্রত্যাহারের আবেদন করা হয়েছে। আজ রোববার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলমের আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন বাদী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক উপসম্পাদক আবদুর রহিম। তবে আদালত এ বিষয়ে কোনো আদেশ দেননি।
বাদীর আইনজীবী বিপ্লব কুমার দাশ বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের এক আওয়ামী লীগ নেতার উদ্যোগে তাঁর বাসায় গত শুক্রবার রাতে বৈঠকে বাদী ও আসামির মধ্যে সমঝোতা হয়। উভয়ের ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনার সূত্রপাত হয়। তাই বিষয়টি ভুল বোঝাবুঝি উল্লেখ করে মামলাটি প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করা হয়েছে। আদালত কোনো আদেশ দেননি।
জানতে চাইলে মুঠোফোনে বাদী আবদুর রহিমও মামলাটি প্রত্যাহারের আবেদন করার কথা স্বীকার করেন।
গত বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলমের আদালতে ওসি মাঈনুলসহ চারজনের বিরুদ্ধে মারধর ও নির্যাতনের অভিযোগে মামলা করেন আবদুর রহিম। আদালত পুলিশ কমিশনারকে মামলাটি গ্রহণ করা এবং সহকারী পুলিশ কমিশনারকে (কোতোয়ালি অঞ্চল) তদন্তের নির্দেশ দেন।
বাদী অভিযোগে উল্লেখ করেন, ১৯ মার্চ বিকেলে সদরঘাট এলাকায় একটি হোটেলে ঢাকা থেকে আসা এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে যান আবদুর রহিম। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। আত্মীয়ের সঙ্গে স্বামী-স্ত্রী দুজন আলাপ করার সময় সদরঘাট থানার ওসি মাঈনুল ইসলাম সেখানে যান। অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুজনকে মারধর করেন ওসি। একপর্যায়ে তাঁদের আটক করে থানায় নিয়ে যান। থানায় নিয়ে এসআই সালেকসহ আরও দুজন পুলিশ রহিমকে মারধর করেন। প্রতিবাদে ওই দিন বিকেলে নেতা-কর্মীরা সদরঘাট সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় পুলিশের একটি রেকার ভাঙচুর করা হয়। পরে আবদুর রহিমকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পর থেকে ওসি মাঈনুলকে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
মারধরের অভিযোগ ওঠায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় মাঈনুলকে সদরঘাট থানার ওসি থেকে সরিয়ে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করার আদেশ দেন নগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল ।