ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ
কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনু নদ থেকে মাটি উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ মামলা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। গত ৪ ফেব্রুয়ারি স্থানীয় বড়িবাড়ি গ্রামে সংঘর্ষের ওই ঘটনায় অর্ধশত লোক আহত হয়। সংঘর্ষকালে আহত তিন সহোদরের বড় ভাই কৃষক মোতালিব মিয়া অভিযোগ করেন, ঘটনার পরদিন মামলার এজহার নিয়ে তিনি থানায় যান। মামলায় ১ নম্বর আসামি করা হয় গ্রামের প্রভাবশালী মো. মহিউদ্দিনসহ ৬০ জনকে। কিন্তু ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান তাঁকে জানান, মহিউদ্দিন ক্ষমতাসীন দলের সমর্থক। তাই তদন্ত ছাড়া মামলা রেকর্ড করা যাবে না। বাদী পরে আরও দুবার মামলা করতে যান। সে সময়ও তা গ্রহণ করা হয়নি। ওসি মিজানুর রহমান বুধবার তদন্ত করতে বড়িবাড়ি গ্রামে যান। এ সময় একাধিক গ্রামবাসী শিক্ষক মহিউদ্দিনের নেতৃত্বে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে তাঁকে জানান। বড়িবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু খায়ের জানান, সংঘর্ষের ঘটনায় মহিউদ্দিন জড়িত। তাঁর লোকজনই প্রতিপক্ষকে বেদম মারধর করেছে। হাসপাতালে চিকিৎসাধীন সাইদুর রহমান জানান, মহিউদ্দিন মাস্টারের নেতৃত্বে দুই শতাধিক গ্রামবাসী তাঁদের ওপর হামলা চালায়। তাদের হাত থেকে নারী ও শিশুরাও রেহাই পায়নি।মোতালিব মিয়া জানান, তাঁর তিন ভাই আলম মিয়া, রাহীম মিয়া ও রশিদ মিয়া বর্তমানে কিশোরগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা ভালো নয়। মামলা না নেওয়ায় আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। মহিউদ্দিন তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ সময় আমি বিদ্যালয়ে ছিলাম। ঘটনার সঙ্গে গ্রামের স্বার্থান্বেষী একটি মহল আমাকে জড়িয়ে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চাচ্ছে।’ওসি মিজানুর রহমান বলেন, মোতালিব মিয়া মামলা করতে এলে ঘটনা তদন্ত করে মামলা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়। এরপর তিনি আর মামলা করতে আসেননি। তা ছাড়া এ ঘটনায় মীমাংসার চেষ্টা করছেন ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিরা। থানায় এজাহার নিয়ে এলে অবশ্যই মামলা রেকর্ড করা হবে।