ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন চেয়ারম্যানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লবকে মারধরের প্রতিবাদ এবং এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিলের শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করা হয়েছে। বেলা দুইটার দিকে কাজীপুর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, গান্ধাইল ইউপি চেয়ারম্যান আবদুল বারেক প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলার অন্য ইউপির চেয়ারম্যানরা সংবাদ সম্মেলনের প্রতি সম্মতি জানিয়ে স্বাক্ষর করেছেন।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব লিখিত বক্তব্যে বলেন, ‘মঙ্গলবার সদর ইউনিয়নের বরইতলি গ্রামের মুরব্বিরা একটি গ্রামে মারামারির ঘটনাকে কেন্দ্র করে সালিস করার জন্য আমার বাড়িতে আসেন। তাঁদের ঘটনা শোনার পর দু-তিন দিন পর বিচারের আশ্বাস দিয়ে স্থানীয় মেঘাই উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভায় উপস্থিত হওয়ার জন্য তাঁদের সঙ্গে করে বাড়ি থেকে বের হই। মেঘাই বাজারের উদ্দেশে রওনা হওয়ার পর ওসি আবদুল জলিলের নেতৃত্বে ১০-১২ জন পুলিশ আমাকেসহ লোকজনের ওপর এলোপাতাড়ি লাঠিপেটা শুরু করেন। এতে আমি গুরুতর আহত হই। আহত অবস্থায় আমিসহ তিনজনকে থানায় নিয়ে আটক করে রাখেন। পরে অবস্থার অবনতি হওয়ায় আমাকে সিরাজগঞ্জের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমাকে ছেড়ে দেওয়া হয়।’
চেয়ারম্যান কামরুজ্জামান বিষয়টি তদন্ত করে ওসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে ওসি আবদুল জলিলের দাবি, ‘১৭ জানুয়ারি ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে মেঘাই বাজারে মারামারি হয়। এ ঘটনায় একটি মামলা হয়। এই মারামারির ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার মেঘাই বাজারে মিছিল হচ্ছে এমন খবর পাওয়ার পর আমি পুলিশ নিয়ে সেখানে যাই। মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এ ঘটনার মধ্যে পড়ে চেয়ারম্যান আহত হতে পারেন। পুলিশের পক্ষ থেকে তাঁকে মারধর করার অভিযোগ মিথ্যা।’